জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি ফের রান তাড়া করতে নেমে এক অনবদ্য ইনিংস উপহার দিলেন। ৪ নভেম্বর, বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে ভারত ৫ উইকেটে নিউ জিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। এই ম্যাচে বিরাট রান চেজ করতে নেমে ৫১ বলে ৭৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ১৩টি চার ও একটি ছয়ে। আবারও বিরাট 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকরের আরেকটি রেকর্ড ভেঙে ফেলেছেন। আর যে নজিরে কোহলি প্রমাণ করে দিয়েছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে তিনিই এখন সবার উপরে। নিজের জন্মদিনের ইভেই ইতিহাস লিখলেন বিরাট। ওডিআই ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করার ক্ষেত্রে বিরাটেরই সর্বোচ্চ সংগ্রহ। ওডিআই ক্রিকেটের দ্বিতীয় ইনিংসে ব্য়াটিং মায়েস্ত্রোর ৬৬.২১ গড়ে ও ৯৫.০৩ স্ট্রাইক রেটে ৮৭৪১ রান করেছেন। ভারতীয় ক্রিকেটের দুই দিকপাল- সচিন ও কোহলি ছাড়া ইতিহাসের আর কোনও ব্যাটর রান তাড়া করতে গিয়ে ৭০০০ রানও স্পর্শ করতে পারেননি। আগামিকাল কোহলি ৩৮ বছরে পা দেবেন। আর জন্মদিনের প্রাক্কালেই বিশ্বরেকর্ড করলেন কিং
আরও পড়ুন: কোহলিই সর্বকালের সেরা রান তাড়ার ওস্তাদ, মাস্টারব্লাস্টার টপকে ইতিহাসে চেজমাস্টার! জন্মদিনের প্রাক্কালেই কিংয়ের বিশ্বরেকর্ড
ওডিআই ক্রিকেটে রান তাড়া করতে নেমে সর্বাধিক রান
১) বিরাট কোহলি – ৮৭৪১ রান (১৬৯ ইনিংস), গড় ৬৬.২১, স্ট্রাইক রেট ৯৫.০৩
২) সচিন তেন্ডুলকর – ৮৭২০ রান (২৩২ ইনিংস), গড় ৪২.৩৩, স্ট্রাইক রেট ৮৮.৪৪
৩) রোহিত শর্মা – ৬৮০১ রান (১৬৩ ইনিংস), গড় ৫০.৭৫, স্ট্রাইক রেট ৯২.৮৮
৪) সনৎ জয়সূর্য – ৫৭৪২ রান (২১০ ইনিংস), গড় ২৯.৪৪, স্ট্রাইক রেট ৯৩.৩৫।
৫) জ্যাক কালিস – ৫৫৭৫ রান (১৫৮ ইনিংস), গড় ৪৪.৯৫, স্ট্রাইক রেট ৭১.৯১।
রান তাড়া করার ক্ষেত্রে বিরাটের অনন্য নজির
কোহলিকে বাইশ গজ 'চেজ মাস্টার' নামেই চেনে। রান তাড়া করার ওস্তাদও বলা হয় তাঁকে। ওডিআই ফরম্যাটে তাঁকে সর্বকালের অন্যতম সেরা হিসেবেই গণ্য করা হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সময় মোট রানের দিক থেকে তিনি বর্তমানে শীর্ষে। পাশাপাশি ৬৬.১ গড়ে রান তোলার রেকর্ড ইতিহাসের সেরা। রান তাড়া করার ক্ষেত্রে কোহলির চেয়ে বেশি গড় রয়েছে এমন খেলোয়াড়দের মধ্যে অন্য কারো মোট রান ৭৬৮-র বেশি নয় (রায়ান টেন দুসখাতের গড় ৭৬.৮)। প্রকৃতপক্ষে শুভমান গিলই একমাত্র অন্য খেলোয়াড়, যাঁর রান তাড়া করার ক্ষেত্রে গড় ষাটের বেশি এবং মোট রান ১০০০ ছাড়িয়েছে (১৮৫১ রান, গড় ৬৬.১)। এছাড়া, রান তাড়া করার সময় অন্তত ৫০০০ রান করা ব্যাটারদের মধ্যে কোহলির স্ট্রাইক রেটও সেরা। ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তির চেয়ে ভালো স্ট্রাইক রেট থাকা খেলোয়াড়দের মধ্যে অ্যাডাম গিলক্রিস্টের মোট রান সবচেয়ে বেশি (৪৭৮৯ রান, স্ট্রাইক রেট ১০০.৮২)। এরপরই রয়েছেন প্রোটিয়া মহারথী এবি ডি ভিলিয়ার্স (৪২০৪ রান, স্ট্রাইক রেট ৯৫.০৪)।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)