অয়ন ঘোষাল: সিভিয়ার সাইক্লোন আখবানের পরোক্ষ প্রভাবে জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির আশঙ্কা। হৈমন্তীকা উৎসবের আমেজে বিঘ্ন ঘটাতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে বেশ কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। উপকূল এলাকায় ভারী বৃষ্টি। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ৪৫ থেকে ৫০ কিলোমিটারের কাছাকাছি। আগামী বুধবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির পরিমাণ এবং বজ্রপাতের আধিক্য বাড়তে পারে।
বঙ্গোপসাগরে ঘনীভূত সুস্পষ্ট নিম্নচাপ। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশঃ শক্তি বাড়াচ্ছে। ক্রমান্বয়ে এটি গভীর এবং অতি গভীর নিম্নচাপ হওয়ার পর শেষ পর্যন্ত একটি সিভিয়ার সাইক্লোন বা শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি ইরানের দেওয়া নাম অনুযায়ী আখবান নামে চিহ্নিত হবে। প্রাচীন পারস্য উপন্যাসের একটি দৈত্য আখবান। যে দৈত্য ইচ্ছানুযায়ী ঝড়ে পরিণত হয়ে সর্বশক্তিমান ঈশ্বরকে বিপদে ফেলার চক্রান্ত করেছিল।
সোমবার সন্ধ্যায় আখবানের জন্ম হবে। তখন এটি সাধারণ ঘূর্ণিঝড়। এরপর সমুদ্রপৃষ্ঠে দীর্ঘ অবস্থানের কারণে শেষ পর্যন্ত এটি শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোন ক্যাটাগরি ৩ হ্যারিকেনের সমতুল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বঙ্গোপসাগরে ২০২৬ সালের তৃতীয় ঘূর্ণিঝড় আগের দুটি অর্থাৎ অর্ণব এবং মুরাসুর মতই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে বলে প্রাথমিক উপগ্রহ চিত্রে ইঙ্গিত। এর সম্ভাব্য ল্যান্ডফল অন্ধ্রের বিশাখাপত্তনম অথবা কাঁকিনাড়া উপকূল।
সবেমাত্র হালকা শীত শীত ভাব এবং মনোরম শুষ্ক আবহাওয়া উপভোগ করতে শুরু করা দক্ষিণবঙ্গে মঙ্গলবার বিকেল পর্যন্ত শুষ্ক আবহাওয়া। পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ উপকূলের সব জেলায়। সেদিন বৃষ্টি শুরু দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা লক্ষ্যণীয় ভাবে বাড়বে। ১৯ এবং ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এরমধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় উপকূল লাগোয়া এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা।
১৯ এবং ২০ তারিখ কয়েকটি জেলায় অতিরিক্ত বজ্রপাতের সতর্কতা। এগুলি হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়া। এই জেলাগুলিতে এই দুইদিন ৩০ থেকে ৪০ এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে পার্বত্য জেলায় রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। এর জেরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে খুব হালকা তুষারপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রভাব কার্যত নেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)