ই গোপী: মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে জাতীয় সড়কে হুলস্থুল! অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথেই বিপত্তি। চলন্ত প্রাইভেট গাড়ির ভিতরে আচমকাই আগুন দেখতে পান যাত্রীরা। বিপদের আঁচ পেতেই এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে নেমে পড়েন সকলে। তাঁদের গাড়ি ছেড়ে বেরিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গাড়িটি। রাতের অন্ধকারে জাতীয় সড়কের উপর এমন আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনাটি ঘটেছে খড়গপুর-বেলদা জাতীয় সড়কের বেলদার কলাবনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত আনুমানিক দুটো নাগাদ একটি প্রাইভেট গাড়িতে করে অনুষ্ঠান সেরে ফিরছিলেন কয়েকজন। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় কলাবনি এলাকায় আচমকাই গাড়ির ভিতরে আগুন দেখতে পান তাঁরা।
পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে তড়িঘড়ি গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসেন প্রত্যেকেই। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তের মধ্যে গাড়িটি কার্যত আগুনের গ্রাসে চলে যায়। জাতীয় সড়কের উপর জ্বলন্ত গাড়ি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিস। কী কারণে চলন্ত গাড়িতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে চালক ও যাত্রীরা সময় থাকতে গাড়ি থেকে নেমে আসায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। মধ্যরাতে জাতীয় সড়কের উপর এই অগ্নিকাণ্ড ঘিরে এখন এলাকায় একটাই প্রশ্ন কীভাবে চলন্ত গাড়িতে আগুন লাগল?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)