বান্ধবীর সঙ্গে বেরিয়ে মারাত্মক কাণ্ড,নাবালিকাকে মাদক খাইয়ে নির্যাতন-ব্ল্যাকমেল?
Hooghly: নাবালিকা মাকে জানায়, তাকে একটি গাড়িতে করে পোলবার একটি হোটলে নিয়ে যাওয়া হয়েছিল
বিধান সরকার: পরিচিতের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে ১৩ বছরের এক নাবালিকাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে মাদক খাইয়ে যৌন নির্যাতন এবং পরে ব্ল্যাকমেল করার অভিযোগ। নাবালিকার পরিবারের বয়ান অনুযায়ী, শনিবার ভোর রাতে এই ঘটনা। গাইঘাটার ঘটনার পর ফের এই কাণ্ড।
পরিবারের দাবি, শনিবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এক বান্ধবীর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় রাত ৮টা ৩০ মিনিট নাগাদ তার মা ফোন করেন। তখন নাবালিকা জানায়,সে বান্ধবীর সঙ্গে ব্যারাকপুরে গিয়েছে। রাত সাড়ে ১০টার মধ্যে বাড়ি ফিরবে।
রাত সাড়ে ১১টাতেও মেয়ে বাড়ি না ফেরায় ফেরায় ফোন করেন তার মা। অভিযোগ, তখন একটি অপরিচিত নম্বর থেকে এক ব্যক্তির ফোন ধরেন। তিনি দাবি করেন,রাস্তায় নাবালিকাকে কাঁদতে দেখে তিনি তাকে নিজের ফোন ব্যবহার করতে দিয়েছেন।
পরিবারের বয়ান অনুযায়ী, রাত ১২টা ৬ মিনিট নাগাদ নাবালিকা তার মাকে মেসেজ করে জানায়,সে বিপদের মধ্যে রয়েছে। তার বান্ধবী তাকে রিক নামে এক জনের বাড়িতে নিয়ে গিয়েছে বলেও সে মেসেজে জানায়।
পরিবারের আরও অভিযোগ, দেবজিৎ সরকার নামে এক যুবক নাবালিকার মাকে ফোন করে আশ্বস্ত করেন যে মেয়ে নিরাপদে রয়েছে। পরে দেবজিৎ দাবি করেন, সে ওই বাড়িতে গিয়েছিল। প্রায় ১০ মিনিট আগে একটি চারচাকা গাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। তাঁর দাবি ছিল,ওই গাড়িতেই নাবালিকা বাড়ি ফিরছে।
পরিবারের দাবি, রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে বাড়ি ফেরে নাবালিকা। সে সময় তাকে কাঁদতে দেখা যায় এবং সে চরম মানসিক বিপর্যস্ত অবস্থায় ছিল বলে পরিবারের দাবি।
আরও পড়ুন-১৯ লাখ আত্মসাৎ! জালে পাপিয়া অধিকারীর প্রাক্তন পিএ, সোশ্যালে বিধায়কের কড়া কথা
নাবালিকা মাকে জানায়, তাকে একটি গাড়িতে করে পোলবার একটি হোটলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে জলের সঙ্গে কিছু মিশিয়ে জোর করে খাওয়ানো হয় এবং একাধিক ব্যক্তি তার উপর শারীরিক নির্যাতন ও যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। পরিবারের আরও দাবি,তাকে জোর করে একটি আই-পিল খাওয়ানো হয়েছিল।
পরিবারের অভিযোগ, মেয়ের বান্ধবী, দেবজিৎ সরকার, কুণাল কুমার রাউত-সহ একাধিক ব্যক্তি ঘটনার সময় নাবালিকার ভিডিও রেকর্ড করেন। পরে সেই ভিডিও দেখিয়ে নাবালিকা ও তার পরিবারকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পরিবারের দাবি, এই হুমকির কারণে তারা অবিলম্বে পুলিসের কাছে যেতে ভয় পাচ্ছিলেন।
আজ বাগুইহাটি থানায় এনিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়। পোলবার সুগন্ধার দিল্লী রোডের পাশে হোটেল গীতাঞ্জলিতে রবিবার ভোর তিনটে পঞ্চাশ মিনিটে রুম বুক করা হয়।
হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়,ওই নাবালিকা, এক যুবতী ও ২ যুবক রিসেপশনে রেজিস্টারে আধার কার্ড জমা দিয়ে রুম বুক করছেন।
এক যুবকের হাতে মদের বোতলও ছিল। নাবালিকার কোনও পরিচয় পত্র দেওয়া হয়নি। অন্য বছর ত্রিশের এক যুবতীর আধার কার্ড দেওয়া হয়। তারা ৩০২ ও ৩০৩ নম্বর রুম বুক করে। রবিবার সকাল ৮.২০ ও ৮.৪৫ নাগাদ চার জন হোটেল ছেড়ে বেরিয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)