চম্পক দত্ত: পুজোর সময় হেলমেট না পরে পুজো দেখতে বেরিয়ে ফ্যাসাদে পড়তে হল বাইক আরোহী দর্শনার্থীদের। খোদ পুলিস সুপার নিজে দাঁড়িয়ে থেকে ওই বাইক আরোহীদের রীতিমত নাম ঠিকানা ফোন নম্বর-সহ আগামীদিনে ট্রাফিক আইন মেনে চলবে এবং হেলমেট পরবে এই মর্মে মুচলেকা লিখিয়ে বোর্ডে চেটানো করিয়ে এদিনের মত ছাড়া হল তাদের। সেই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হল এরপরে ধরা পড়লেই কড়া ফাইন এর পাশাপাশি আইনত ব্যবস্থাও নেওয়া হবে।
ষষ্ঠীর রাত্রে জেলা পুলিস সুপার পাপিয়া সুলতানা নিজে মোটর সাইকেলে চেপে বেরিয়েছিলেন শহরের যান চলে যান চলাচল ঠিক রয়েছে কিনা, কোথাও যানজট সৃষ্টি হয়েছে কিনা তা দেখতে। এদিন পুলিস সুপারের সঙ্গে দেখা যায় মেদিনীপুরের সাংসদ জুন মালিয়াকেও।
এর আগেই পুলিস সুপারের নির্দেশে মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিসের অভিনব উদ্যোগ নিয়েছিল। মেদিনীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক আইন মানার জন্য সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি পালন করা হয়েছিল। হেলমেট ছাড়া বাইক চালক ও আরোহীদের ট্রাফিক আইন মেনে বাইক চলার শপথও করানো হয়।
এমনকি হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হওয়া আরোহীদের হাতে একটি চিরকুটে, তাতে লেখা, 'আর কোনও দিন হেলমেট ছাড়া বাইক নিয়ে বের হব না এবং ট্রাফিক আইন মেনে বাইক ও গাড়ি চালাবো'- এই শপথ বাক্য লিখিয়ে তা ট্রাফিক পুলিসের উদ্যোগে তৈরি ট্রাফিক সচেতনতা শপথ বোর্ডে লাগাতেও দেখা গিয়েছিল বাইক চালকদের। পুলিসের এই অভিনব উদ্যোগে শহরজুড়ে ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়ার পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)