SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বছরের ৩৬০ দিনই মা দুর্গা থাকেন ব্যাংকের লকারে! ষষ্ঠীতে রাজবাড়িতে আসেন পুলিসি প্রহরায়

Durga Puja 2026: পুজোর কদিন যেন রাজতন্ত্র ফিরে আসে পুরুলিয়ার রাজবাড়িতে

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Oct 01, 2026, 02:22 PM IST | Updated: Oct 05, 2026, 02:26 PM IST
Image Credit: দ্বিভুজা দুর্গা
Join

মনোরঞ্জন মিশ্র: বছরের ৩৬০ দিন মা দুর্গা থাকেন ব্যাঙ্কের লকারে ৷ পুজোর দিন ষষ্ঠীতে রাজবাড়িতে মা আসেন কড়া পুলিসি পাহারায়। দুর্গা পুজোর চারদিন জেলা পুলিসের কড়া নিরাপত্তায় রাজবাড়িতে বিরাজমান থেকে পুজো নেন মা৷ দশমীতে বিসর্জনের দিন আবার ব্যাঙ্কের লকারেই ফিরে যান দুর্গা মা ৷

প্রাচীন ঐতিহ্য ও আচারবিধি বজায় রেখে পুরুলিয়ার জয়পুরের রাজপরিবারে ঠিক এভাবেই দুর্গা পুজো হয়ে আসছে বছরের পরবছর ধরে ৷ এই রাজপরিবারের দুর্গা পুজোর অন্যতম আকর্ষণ হল সোনার তৈরি দ্বিভুজা দুর্গা ও রূপোর চালচিত্র ৷ জেলা ছাড়িয়ে ভিন জেলা এবং ভিন রাজ্য থেকে সোনার দুর্গা ও রুপোর চালচিত্র দেখতে প্রচুর দর্শনার্থীদের আগমন ঘটে জয়পুর রাজবাড়িতে ৷ রাজার রাজত্ব না থাকলেও, পুজোর চারটি দিন যেন সেই পুরোনো রাজতন্ত্র ফিরে আসে এই রাজবাড়িতে । পুজোর চারদিন আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ এখন থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এই দুর্গা পুজোর ।

জয়পুর রাজবাড়ির পুজোর ইতিহাস সম্পর্কে কথিত আছে, প্রায় চারশো বছর আগে ১৬০০ খ্রিস্টাব্দে রাজা জয়সিংহ পুরুলিয়ায় আসেন ৷ যাঁর নামে এই অঞ্চলের নাম জয়পুর ৷ জয় সিংহ উজ্জ্বয়নী থেকে এসে এই এলাকার মুণ্ডা সর্দার খামার মুণ্ডাকে হত্যা করে জঙ্গলমহলের এই এলাকা দখল করেন ৷ খামার মুণ্ডা একটি খাঁড়াকে ইষ্ট দেবী হিসেবে পুজো করতেন ৷ জয় সিংহ খাঁড়াটিও ছিনিয়ে নেন ৷ সেই খাঁড়া ও কলা বউয়ের পুজোর প্রচলন হয় সিংদেও পরিবারে ৷ এর বহু বছর কেটে যাওয়ার পর সপ্তম রাজা কাশীনাথ সিংহের আমলে দুর্গাপুজোর দিন একটি অঘটন ঘটে ৷ আগুন লেগে যায় কলা বউয়ে ৷ পুড়ে ছাই হয়ে যায় মন্দির ৷ এরপরই রাজা কাশিনাথ সিংহ মানত করেন, সোনার প্রতিমা তৈরি করে তাতে রূপোর চালচিত্র লাগিয়ে মায়ের পুজো করবেন ৷ সোনার বিগ্রহ তৈরির জন্য বেনারসের স্বর্ণ শিল্পীদের ডাকা হয় ৷ এক সের (দেড় কেজি) সোনার দ্বিভুজা দুর্গা মূর্তি ও দেড় মন (60 কেজি) রুপা দিয়ে চালচিত্র তৈরি করান রাজা ৷ সেই থেকে সোনার বিগ্রহ পুজোর প্রচলন শুরু জয়পুর রাজবাড়িতে ৷

এরপর ১৯৭০ সালে ঘটে যায় বিপত্তি ৷ একদল ডাকাত হানা দেয় রাজবাড়িতে ৷ তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা মায়ের সমস্ত অলঙ্কার ও অন্যান্য দামি সামগ্রী নিয়ে পালিয়ে যায় ৷ এই ঘটনার পরই টনক নড়ে রাজপরিবারের ৷ তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে রাজবাড়ির স্বর্ণ বিগ্রহের নিরাপত্তায় চালু হয় বিশেষ ব্যবস্থা ৷ ঠিক হয় পুজোর দিনগুলি ছাড়া 360 দিন ব্যাঙ্কের লকারে থাকবে সোনার বিগ্রহ ৷ এই রীতিই আজও চলছে ৷ পুজোর চার দিনের জন্য ব্যাঙ্ক থেকে কড়া পুলিশি নিরাপত্তায় সোনার দুর্গা ও রূপোর চালচিত্র আনা হয় রাজবাড়িতে ৷ পুজো শেষে দশমীতে পুলিশি পাহারায় আবার ব্যাংকে লকারবন্দী করা হয় মা দুর্গাকে ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES