নদীর জল আচমকাই হয়ে উঠেছে কালো ও ফেনিল, মরছে টন টন মাছ
River Pollution: কুনুর নদীতে রাসায়নিক দূষণের আশঙ্কা, মরে ভাসছে টন টন মাছ! বিষাক্ত মাছ ধরতে নদীতে ভিড়, বিপন্ন জলজ বাস্তুতন্ত্র। নদীর জল আচমকাই কালো ও ফেনিল। চারদিকে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। আর সেই জলের উপর ভেসে উঠেছে হাজার হাজার মরা ও আধমরা মাছ।
অরূপ লাহা: কুনুর নদীতে ঘোরতর রাসায়নিক দূষণের আশঙ্কা! মরে ভাসছে টন টন মাছ! এদিকে বিষাক্ত মাছ ধরতেই নদীতে লেগেছে ভিড়। বিপন্ন হয়েছে জলজ বাস্তুতন্ত্র। কুনুর নদীর জল আচমকাই হয়ে উঠেছে কালো ও ফেনিল। চারদিকে ছড়িয়ে পড়েছে তীব্র দুর্গন্ধ। আর সেই জলের উপর ভেসে উঠেছে হাজার হাজার মরা ও আধমরা মাছ।
রাসায়নিক বর্জ্য
বৃহস্পতিবার সকালে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার অন্তর্গত কুনুর নদীতে এমনই ভয়াবহ দৃশ্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কোনও শিল্পাঞ্চল থেকে নির্গত রাসায়নিক বর্জ্য নদীর জলে মিশে যাওয়ার ফলেই এই বিপর্যয় ঘটে থাকতে পারে। যদিও দূষণের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
ভয়াবহ পরিস্থিতি
তবে নদীর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও দেখা গিয়েছে আরও উদ্বেগজনক ছবি। নদীতে মাছ মরে ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রামের বহু মানুষ জাল, বালতি ও ঘুণি নিয়ে মাছ ধরতে নেমে পড়েন। আট থেকে আশি বিভিন্ন বয়সের মানুষকে নদী থেকে মাছ সংগ্রহ করতে দেখা যায়। রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে ছোট মাছও বাদ পড়েনি সেই তালিকা থেকে। অভিযোগ, অনেকে এই মাছ নিজেদের খাওয়ার জন্য সংগ্রহ করছেন, আবার কেউ কেউ বাজারে বিক্রির উদ্দেশ্যে মাছ মজুত করছেন।
আরও পড়ুন: ধানের ভরা মরসুমে প্রায়শই হাতির হানা! ফসলের
মাছের শরীরে বিষ
কিন্তু নদীর জলে রাসায়নিক দূষণের আশঙ্কা যেখানে প্রবল, সেখানে সেই জল থেকে সংগ্রহ করা মাছ খাওয়া কতটা নিরাপদ, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, দূষিত জলে থাকা ক্ষতিকর রাসায়নিক মাছের শরীরে জমা হতে পারে। সেই মাছ খেলে মানবদেহে বিষক্রিয়া-সহ গুরুতর স্বাস্থ্যসমস্যার ঝুঁকি তৈরি হতে পারে। তাই পরীক্ষার মাধ্যমে মাছ ও নদীর জলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই মাছ খাওয়া বা বিক্রি করা থেকে বিরত থাকা জরুরি।
বিপন্ন জীবন-জীবিকাও
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুনুর নদীতে মাঝেমধ্যেই মাছ মরে ভেসে ওঠার ঘটনা ঘটে। বারবার বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান মেলেনি বলে তাঁদের দাবি। নদীর উপর নির্ভর করেই জীবিকা নির্বাহ করেন তীরবর্তী এলাকার বহু মানুষ। ফলে নদীর জল দূষিত হয়ে পড়লে একদিকে যেমন তাঁদের রোজগার অনিশ্চিত হয়ে পড়ে, তেমনই বিপন্ন হয়ে ওঠে তাঁদের জীবন-জীবিকাও।
বাস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত
নদীর জলে দূষণের ফলে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণী এবং সামগ্রিক বাস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কীভাবে নদীর জলে দূষণ ছড়াল, কোন উৎস থেকে তা এসেছে এবং কতটা ক্ষতি হয়েছে তা জানতে দ্রুত নদীর জল ও মৃত মাছের নমুনা পরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি দূষণের উৎস চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি উঠছে স্থানীয়দের মধ্যে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)