সন্দীপ ঘোষ চৌধুরী: আইন-শৃঙ্খলা রক্ষার ব্যস্ততার মাঝেই শারদোৎসবের আনন্দে ভক্তি, নিষ্ঠা ও ঐতিহ্যের এক অনন্য ছবি ধরা পড়ল কাটোয়া থানায়। নবমী তিথিতে সমস্ত নিয়মনীতি ও ধর্মীয় আচার মেনে মহাসমারোহে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। আর এই পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠল কাটোয়া থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জি ও ইন্দ্রানী ব্যানার্জির সাত বছরের কন্যা সমৃদ্ধি ব্যানার্জি। এদিন তাঁকে ‘চণ্ডিকা’ নামে অভিহিত করে দেবীজ্ঞানে পুজো করা হয়।
ছোট্ট সমৃদ্ধিকে দেবীরূপে সাজিয়ে পুজোর এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন তাঁর মা ইন্দ্রানী ব্যানার্জি। নিজের হাতে মেয়েকে সাজিয়ে দেবীর আসনে বসতে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। মায়ের স্নেহ আর ধর্মীয় আবেগের মেলবন্ধনে মুহূর্তটি হয়ে ওঠে আরও বিশেষ।

কাটোয়া থানার এই দুর্গাপুজোর সূচনা হয়েছিল পুলিসকর্মীদের কথা মাথায় রেখেই। তৎকালীন আইসি তীর্থেন্দু গাঙ্গুলীর উদ্যোগে শুরু হয় এই পুজো। দুর্গাপুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিসকর্মীদের দিনরাত কর্তব্য পালন করতে হয়। ফলে অনেক সময় পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তাঁদের হয়ে ওঠে না। সেই ভাবনা থেকেই কর্মক্ষেত্রের মধ্যেই পুলিসকর্মীদের জন্য উৎসবের পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। দেখতে দেখতে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে কাটোয়া থানার এই দুর্গোৎসব।

অল্প সময়ের মধ্যেই যা পুলিসকর্মীদের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের কাছেও আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। থানার চৌহদ্দির মধ্যে পুজোর আয়োজন হলেও এর পরিসর আজ আর শুধু পুলিসের মধ্যে সীমাবদ্ধ নেই। পুজোর দিনগুলিতে দূরদূরান্ত থেকে বহু মানুষ কাটোয়া থানায় আসছেন প্রতিমা দর্শন করতে। ভক্তিভরে অঞ্জলি দেওয়ার পাশাপাশি প্রসাদ গ্রহণেও শামিল হচ্ছেন তাঁরা। পুলিসের কর্মব্যস্ত পরিবেশের মধ্যেই এমন ধর্মীয় ও উৎসবমুখর আয়োজন সাধারণ মানুষের কাছে এনে দিয়েছে এক অন্যরকম অভিজ্ঞতা।

স্থানীয় দর্শনার্থীদের কথায়, থানায় এসে পুজো দেওয়ার অনুভূতি একেবারেই আলাদা। এখানকার আন্তরিক পরিবেশ তাঁদের ঘরের পুজোর মতোই আনন্দ ও আপনজনের অনুভূতি দেয়। আসলে পুলিসের পরিচয় শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলাও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। কাটোয়া থানার দুর্গাপুজো সেই সম্পর্ককে আরও দৃঢ় করার একটি সুন্দর উদাহরণ। কর্মক্ষেত্রের দায়িত্ব সামলানোর পাশাপাশি উৎসবের আনন্দে সকলকে একসূত্রে বাঁধার এই প্রয়াসে উঠে এসেছে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিকতার বার্তা। নবমীর পবিত্র তিথিতে ছোট্ট সমৃদ্ধির ‘চণ্ডিকা’ রূপে আরাধনা তাই শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কর্তব্যের কঠোরতার আড়ালে থাকা স্নেহ, আবেগ ও মানবিকতারও এক সুন্দর প্রতিচ্ছবি। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এমন উদ্যোগের মধ্য দিয়ে কাটোয়া থানার দুর্গোৎসব হয়ে উঠেছে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধনের এক অনন্য উদাহরণ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)