অরূপ লাহা: এবার বড়সড় ছন্দপতন ঘটল পূর্ব বর্ধমানের কাঞ্চননগরের ঐতিহাসিক কঙ্কালেশ্বরী কালীমন্দিরে। মন্দির সূত্রে জানা গিয়েছে, ট্রাস্টি বোর্ডের অব্যবস্থাপনা বা আয়োজনের ত্রুটির কারণে এবছর এই বিখ্যাত মন্দিরে ঐতিহ্যবাহী অন্নকূটের কোনও আয়োজন করা সম্ভব হয়নি। ফলে হতাশ হয়ে ফিরেছেন বহু দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা।
প্রায় আড়াইশো বছরের পুরনো এই মন্দিরের স্থাপত্য এবং দেবীমূর্তি সবসময়ই গবেষক ও সাধারণ মানুষের কাছে এক পরম রহস্য। বর্ধমান শহরের কাঞ্চননগরে অবস্থিত এই মন্দিরের প্রধান আকর্ষণ হল দেবীর কঙ্কালসার রূপ। প্রায় ৬ ফুট উচ্চতার কালো ব্যাসাল্ট বা কষ্টিপাথরের তৈরি এই অষ্টভুজা চামুণ্ডা মূর্তিটি অত্যন্ত নিখুঁতভাবে খোদাই করা।
মূর্তির দিকে তাকালে মনে হয়,পাথরের বুকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে মানবদেহের শিরা,উপশিরা এবং ধমনীর প্রতিটি খাঁজ। দেবীর মাথার উপরে হস্তী,পায়ের নিচে শায়িত শিব এবং উপরের ডান হাতে ত্রিশূল ছাড়াও গলায় ঝুলছে মুণ্ডমালা।
পুরাতাত্ত্বিক ও ইতিহাসবিদদের মতে, এই মূর্তিটি পাল বা বৌদ্ধ কিংবা জৈন যুগের এবং এর প্রাচীনত্ব দুই হাজারের বছরেরও বেশি। ইতিহাস বলছে,বাংলায় ১৯১৬ সালের (মতান্তরে ১৯১৩ সাল বা ১৩২০ বঙ্গাব্দ) ভয়াবহ বন্যায় দামোদর নদের গর্ভ থেকে এই মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার হয়। তারপর থেকেই সাধারণ মানুষের উদ্যোগে শুরু হয় দেবীর আরাধনা। সারাবছরই এখানে ভক্তদের সমাগম লেগে থাকে, আর কালীপুজো বা অন্নকূটের মতো বিশেষ তিথিগুলিতে ভক্তদের ঢল নামে। কিন্তু এহেন ঐতিহ্যবাহী স্থানে অন্নকূট উৎসবের মতো বড় ধর্মীয় অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ও ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্নকূটের মতো একটি ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন এবার ট্রাস্টি বোর্ডের পক্ষে করা সম্ভব হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বহু ভক্ত দূরদূরান্ত থেকে মানত করে আসেন,কিন্তু সার্বিক ব্যবস্থাপনার অভাবে এ বছর উৎসবের সেই চেনা ছবিটা দেখা গেল না।
পুরোহিত শঙ্কর চক্রবর্তী বলেন, এখানকার পুজোর বৈশিষ্ট হল প্রাচীন মূর্তি, চামুন্ডা মূর্তি। চামুন্ডা মূর্তির দুটো ব্যাখ্যা রয়েছে। একটা হল দক্ষযজ্ঞের সময়ে দেবীর চামুন্ডা রূপ হয়েছিল। আর রামচন্দ্র যখন পুজো করেছিলেন তখন চণ্ডীর আবির্ভাব হয়েছিল। এটি কঙ্কালশ্বরী নামে খ্যাত। দেবী এখানে অষ্টভূজা। শিব শায়িত রয়েছেন। তাঁর নাভি থেকে পদ্ম উঠেছে। তার উপরে দাঁড়িয়ে রয়েছেন দেবী। তাঁর চার হাতে ত্রিশূল , তরবারি, মধুপর্ক ও বজ্র রয়েছে। অন্য চার হাতে রয়েছে বিজয় পতাকা, মা মূদ্রায় চিন্তাতিত ভাব, খর্গ ও নরমুন্ড। চালচিত্রে হাতি রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)