সৌরভ চৌধুরী: সাদা-গেরুয়ার মেলবন্ধনে শান্তি ও সম্প্রীতির বার্তা। ৭৮তম বর্ষে ঝাড়গ্রামের রগড়া সার্বজনীন দুর্গাপুজো। শারদোৎসবের আবহে ঐতিহ্য, শিল্পকলা ও সম্প্রীতির বার্তা নিয়ে সেজে উঠেছে সাঁকরাইল ব্লকের রগড়া সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ। এবছর ৭৮তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। দীর্ঘদিনের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে প্রতি বছরের মতো এবারও পুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে উঠেছেন এলাকার মানুষজন।
সাদা ও গেরুয়া রঙের অপূর্ব মেলবন্ধনে তৈরি পুজো মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে শান্তি ও সম্প্রীতির বার্তা। মণ্ডপসজ্জায় রয়েছে নান্দনিকতার ছোঁয়া, পাশাপাশি প্রতিমার মধ্যেও ফুটে উঠেছে স্থাপত্যশৈলী ও ঐতিহ্যের অনন্য প্রকাশ। বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে মণ্ডপকে আকর্ষণীয় করে তোলা হয়েছে, যা দর্শনার্থীদের বিশেষভাবে নজর কাড়ছে। এই পুজোর অন্যতম আকর্ষণ হল পুজোকে ঘিরে একাধিক গ্রামের মানুষের মিলন। রগড়া-সহ আশপাশের প্রায় ৮ থেকে ১০টি গ্রামের মানুষ পুজো মণ্ডপে এসে প্রতিমা দর্শন করেন এবং পুষ্পাঞ্জলিতে অংশ নেন।
পুজোকে কেন্দ্র করে একদিকে যেমন ধর্মীয় আবেগের প্রকাশ ঘটে, অন্যদিকে তেমনই গড়ে ওঠে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক মেলবন্ধনের পরিবেশ। পঞ্চমী থেকে একাদশী পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলিকে ঘিরে স্থানীয় শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে উৎসাহ দেখা যায়। সব মিলিয়ে ৭৮ বছরের ঐতিহ্যকে পাথেয় করে রগড়া সার্বজনীন দুর্গাপুজো আজও এলাকার মানুষের আবেগ, সংস্কৃতি ও মিলনোৎসবের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)