ইস্তফা দিলেন প্রধান-উপপ্রধান, রাতারাতি পঞ্চায়েত দপ্তরের একাংশে অন্য রঙের পোঁচ?
Jalpaiguri: সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় তার জন্যই ইস্তফা, বলছেন পদত্যাগী প্রধান
প্রদ্যুত্ দাস: প্রধান ও উপ প্রধানের পদত্যাগ। সঙ্গে সঙ্গেই বদলে গেল পঞ্চায়েত অফিসের একাংশের রং। পঞ্চায়েত দফতরের এতদিনের নীল সাদা রঙে এবার অন্য রঙের পোঁচ। এমনটাই ঘটল জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে।
গত ২৪ অক্টোবর প্রধানের পদ থেকে ইস্তফা দেন অনিতা রাউত। তাঁরই সঙ্গে উপ প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন উপ প্রধান। এর পরেই পঞ্চায়েত অফিসের রং বদল করা হয়েছে বলে অভিযোগ। এই তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান-উপ প্রধান পদত্যাগ করায় রাজনৈতিক সমীকরণ কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।
স্থানীয় প্রাক্তন তৃণমূল কংগ্রেস কর্মী শেখর ব্যানার্জি বলেন, সবই দখল করে নেওয়া হচ্ছে। রেজিনগরে দেখুন, মানুষ ভোট দিতে যাচ্ছে। ভোট দিতে পারছেন না। যারা ভোট কেন্দ্রে যাচ্ছে তাদের হাতে কালি লাগিয়ে দিয়ে বলছে, তোমার ভোট হয়ে গিয়েছে। এখানও একই জিনিস। আগে যারা ছিল তার থেকে এখন তাদের ঠাকুরদারা এসেছে। এখন কিছু করার নেই।
পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অনিতা রাউত বলেন, আমরা এখানে কয়েকটি পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে কথা বলে বিডিও অফিসে এসেছি। আমি এবং উপপ্রধান পদত্যাগ করেছি। আমরা চাই না জন সাধারণ সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিত থাকুক। মানুষের স্বার্থেই ইস্তফা দিয়েছি। তবে আমাদের উপরে প্রবল চাপ ছিল। পদত্যাগ করার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছিল। বিডিও আমাদের ইস্তফাপত্র রিসিভ করেছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)