দুর্গাপুজোর পরেই লক্ষ্মীপুজোর তোড়জোড়, পুজোর সামগ্রী কিনতে বাজারে ক্রেতারা
দুর্গাপুজোর রেশ কাটতেই লক্ষ্মীপুজোর প্রস্তুতি শুরু। জলপাইগুড়ির দিনবাজারে লক্ষ্মীর সরা, প্রতিমা, ফলমূল ও পুজোর সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা।
প্রদ্যুত্ দাস: এসো মা লক্ষ্মী, বসো ঘরে! দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে গিয়েছে দেবী লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। আর সেই প্রস্তুতিকে ঘিরেই জমে উঠতে শুরু করেছে জলপাইগুড়ির লক্ষ্মীপুজোর বাজার।
জলপাইগুড়ির দিনবাজারে ইতিমধ্যেই লক্ষ্মীপুজোর সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। লক্ষ্মীর সরা থেকে শুরু করে দেবী লক্ষ্মীর মূর্তি, ফলমূল এবং পুজোর নানান উপকরণ, সবকিছুই সাজিয়ে রাখা হয়েছে দোকানে দোকানে। পুজোর প্রয়োজনীয় সামগ্রী কিনতে বাজারে আসতে শুরু করেছেন ক্রেতারাও।
আরও পড়ুন,
বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম লক্ষ্মীপুজো। সংসারের সুখ, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় ঘরে ঘরে পূজিত হন দেবী লক্ষ্মী। তাই দুর্গাপুজো শেষ হতেই নতুন করে উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সব মিলিয়ে লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে ধীরে ধীরে জমজমাট হয়ে উঠছে জলপাইগুড়ির দিনবাজার। এবার দেবী লক্ষ্মীর আরাধনায় কতটা জমে ওঠে বাজার, এখন সেদিকেই নজর শহরবাসীর।
সনাতন পঞ্জিকা ও তারিখ অনুযায়ী, ২০২৬ সালের এই পবিত্র কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ই কার্তিক অর্থাৎ ২৫ অক্টোবর , রবিবার। ‘কোজাগরী’ শব্দটির ভেতরেই তো লুকিয়ে আছে এক দারুণ রহস্য! এর অর্থ হলো 'কে জেগে আছো?'
আরও পড়ুন,
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ রাতে ধনদেবী মর্ত্যে নেমে এসে ঘরে ঘরে ঘুরে দেখেন কে জেগে রয়েছে। পঞ্জিকাতেও উল্লেখ রয়েছে এই নিশিপালনের কথা, যেখানে নারকেল, চিঁড়ে ভক্ষণ, নারকেলের জলপান এবং অক্ষক্রীড়ার মাধ্যমে পূর্ণিমার রাত জেগে কাটালে পরিবারে শ্রী ও ধনবৃদ্ধি ঘটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)