অরূপ লাহা: আচমকাই দুর্ঘটনার কবলে ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল ট্রেন। একটি কামরা উঠে গেল অন্য কামরার উপরে। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরার ভিতরে আটকে পড়েছেন যাত্রীরা। কেউ বেরোনোর পথ খুঁজছেন, কেউ আবার গুরুতর আহত অবস্থায় ভিতরে আটকে। পরিস্থিতি সামাল দিতে ছুটে এলেন রেলকর্মী, দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ক্রেনের সাহায্যে শুরু হল 'দুর্ঘটনাগ্রস্ত' কামরা সরানোর কাজ। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তৎপরতা। শুক্রবার বর্ধমান স্টেশনের কাছে লোকো ইয়ার্ডে এমনই এক রেল দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করে চলে উদ্ধারকাজের মহড়া।
রেলের পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর সমন্বয়ে এই বিশেষ অনুশীলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর-সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্ঘটনার পর কীভাবে দ্রুত উদ্ধারকাজ শুরু করা যায়, কীভাবে কামরার ভিতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা যায়, তা হাতে-কলমে পরীক্ষা করে দেখা হয়।
মহড়ায় শুধু ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানো বা আহতদের উদ্ধারই নয়, আরও একাধিক জটিল পরিস্থিতি মোকাবিলার অনুশীলন করা হয়। কোনও দুর্ঘটনায় কামরার দরজা বেঁকে গেলে কিংবা প্রবেশের পথ বন্ধ হয়ে গেলে কীভাবে উদ্ধারকারীরা ভিতরে ঢুকবেন, কীভাবে ভিতর থেকে দরজা খুলে যাত্রীদের বের করবেন, তা নিয়ে বিশেষভাবে অনুশীলন চলে। এমনকী, কোনও কারণে উদ্ধারকারীদের পক্ষে কামরার ভিতরে প্রবেশ করা সম্ভব না হলে ড্রোনের সাহায্যে ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখার পদ্ধতিও অনুশীলনের আওতায় রাখা হয়েছে।

ডিআরএম বিশাল কাপুর জানান, রেল দুর্ঘটনা নানা ধরনের হতে পারে। কখনও ট্রেন লাইনচ্যুত হয়, কখনও আগুন লাগে, আবার কোনও ক্ষেত্রে একটি কামরা অন্য কামরার উপরে উঠে যেতে পারে। দুর্ঘটনার ধরন এবং কামরার অবস্থার উপর নির্ভর করে উদ্ধারকাজের পদ্ধতিও বদলে যায়। তাই সম্ভাব্য প্রতিটি পরিস্থিতি মাথায় রেখেই এই মহড়া করা হচ্ছে। তাঁর কথায়, দুর্ঘটনার পরে কামরার ভিতরে যাত্রী আটকে থাকলে গ্যাস কাটিং সবসময় নিরাপদ নয়। সেই কারণে কোল্ড কাটিং-সহ বিকল্প পদ্ধতিতে কীভাবে কামরা কেটে উদ্ধারকাজ চালানো যায়, তা-ও পরীক্ষা করে দেখা হচ্ছে। কোথা থেকে কামরা কাটা নিরাপদ,ক্রেনের সাহায্যে কীভাবে ক্ষতিগ্রস্ত কোচ সামলানো সম্ভব, সেই বিষয়গুলিও মহড়ার অন্তর্ভুক্ত।
রেল আধিকারিকের বক্তব্য, প্রতিটি দুর্ঘটনার পরিস্থিতি আলাদা। আগে থেকে দুর্ঘটনার ধরন বা ক্ষয়ক্ষতির মাত্রা অনুমান করা সম্ভব নয়। তাই সম্ভাব্য সব পরিস্থিতির মানচিত্র তৈরি করে উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখাই এই অনুশীলনের মূল উদ্দেশ্য। রেলের বিভিন্ন বিভাগ, দমকল, রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং এনডিআরএফের মধ্যে সমন্বয় কতটা কার্যকর, তা-ও যাচাই করা হচ্ছে। এ জন্য রেলের সদর দপ্তরে ওয়ার রুম তৈরি করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, এই মহড়ার সঙ্গে রেলের লাভ-ক্ষতির কোনও বিষয় জড়িত নয়। মূল লক্ষ্য, বিরল হলেও বড়সড় বিপর্যয় ঘটলে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়, তা নিশ্চিত করা।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাটোয়ায় দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগার পুরনো ঘটনা নিয়েও মন্তব্য করেন ডিআরএম। প্রায় সাত-আট মাস আগের ওই ঘটনার প্রসঙ্গ তুলে তিনি জানান, কামরার সিটের নীচে থাকা খাবারের সামগ্রী বা কোনও পড়ে থাকা জিনিসে সামান্য আগুন লেগেছিল। ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে দুই থেকে চার মিনিটের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে অযথা চাঞ্চল্য ছড়ানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে, দুর্ঘটনা ঘটার পর শুধু উদ্ধারকাজ শুরু করাই নয়, প্রতিকূল পরিস্থিতিতে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানো যায়, তারই প্রস্তুতি চলল বর্ধমানের লোকো ইয়ার্ডে। রেলের দাবি, নিয়মিত এই ধরনের মহড়ার মাধ্যমেই জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্মীদের দক্ষতা ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থার পারস্পরিক সমন্বয় আরও মজবুত করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)