জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: 'গোরুকে গোমাতা বানিয়ে কাটতে দেব না'! বদলের বাংলায় গোহত্য়া বন্ধে গায়ে জ্বালা ধরেছে হুমায়ুন কবীরের। তাঁর স্পষ্ট কথা, 'বাংলার মুখ্যমন্ত্রী বাংলা মুসলমানদের উপর জুলুম করছে। আইন আসতে দিন। বিধানসভা আইন আনবে, তার বিরুদ্ধে আওয়াজ তুলব। বলার তো অধিকার আছে। বিরোধিতা করব'।
হুমায়ুন বলেন, 'প্রতিবছর ৩৪ হাজার কোটি টাকার গোরু মাংস বিক্রি হয় আন্তর্জাতিক বাজারে। ওটা আগে বন্ধ করা দরকার। এরপর যদি এখানে গরু কাটা বন্ধ করে কোনও সমস্যা নেই'।
বদলের বাংলায় নিষিদ্ধ গোহত্যা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পরিষ্কার কথা শুনে রাখুন, এ রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। আমি সোজা বলে দিলাম। আইন দেখছি আমি, বিলও আনব। এসব চলবে না। গোমাতা উপর হাত দেওয়া চলবে না'।
মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের মনোভাব খুব কঠোর। এখন তো আইনও আছে। হাইকোর্টের পর্যবেক্ষণ আছে। এরসঙ্গে বলে দিচ্ছি, এসব করতে দেব না। অনেকে লুকিয়ে-চুরিয়ে করছে, ডিটেলস পাঠাবেন, বন্ধ করে দেব। দ্রুত অ্যাকশন হবে'। তাহলে কি বন্ধ হয়ে যাবেস্লটার হাউস? স্পষ্ট জবাব, '১৯৫০ সালে গবাদি পশু আইনে যা আছে, তাই হবে। স্লটার হাউস আর গো মাতার উপরে হাত তোলা, দুটো এক জিনিস নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন। ১৯৫০ সালে গবাদি পশু আইনে পরিষ্কার লেখা আছে, কী করা যাবে, কী করা যাবে না। আমি যা বলছি, সেটা কোনও বেআইনি কথা নয়। আইনি কথা বলছি'।
এর আগে, রাজ্যে পালাবদলের পর ১৯৫০ সালে গবাদি পশু আইন মেনে বেশ কয়েকটি নিয়ম চালু করে বিজেপি সরকার। যেমন, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। ১৪ বছর বয়স হয়নি, এমন গবাদি পশুকে জবাই করা যাবে না। মাংস কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন। হাইকোর্টে মামলা হয়। আদালত জানিয়ে দেয়, ১৩ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল থাকবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)