SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পুজোর মুখে আগুন-বাজারে ক্রেতা কম, মুখ চুন বিক্রেতাদের; বিফল ফলের বাজারও

Price Hike: এখনও বাজারে সেভাবে দেখা মিলছে না শীতকালীন সবজির। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, সেটা হলে সবজির দাম কিছুটা হলেও কমবে। কিন্তু বাস্তবে ছবিটা উল্টো। ক্রেতাদের অভিযোগ, বাজারে ঢুকলেই সবজির দাম শুনে রীতিমতো চমকে উঠতে হচ্ছে তাঁদের। সংসারের খরচ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

Written By Soumitra Sen
Published: Oct 12, 2026, 12:56 PM IST | Updated: Oct 12, 2026, 01:06 PM IST
Join

প্রদ্যুৎ দাস: পুজোর মুখে সবজিবাজারে আগুন! কাঁচালঙ্কা কিনতে গিয়ে চোখে জল ক্রেতাদের। শুধু লঙ্কা নয়, ধনেপাতা থেকে শুরু করে টমেটো, ফুলকপি, পটল, বেগুন-- সবেতেই দাম-আগুনের ছেঁকা। দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই জলপাইগুড়ির বাজারে সবজির আকাশছোঁয়া দামে কার্যত নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের। জলপাইগুড়ি শহরের ইন্দিরা গান্ধী কলোনি বাজার, বয়েলখানা বাজার, দিনবাজার, স্টেশন বাজার-সহ বিভিন্ন বাজারে সবজির দাম এখনও চড়া বলে অভিযোগ ক্রেতাদের।

ধনেপাতা ৩০০ টাকা!

বাজারে ধনেপাতা বিক্রি হচ্ছে কিলোপ্রতি ৩০০ টাকায়। ক্যাপসিকাম ২০০ টাকা, শিম ও পালং শাক ১২০ টাকা, বরবটি ১০০ টাকা কিলো। অন্য দিকে, পটল ৬০ টাকা, শশা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, সুজি কচু (বা ছোট কচু) ৮০ টাকা এবং মুলো বিক্রি হচ্ছে ৮০ টাকা কিলো দরে।

শীতের আমেজ বাজার গরম

এদিকে উত্তরবঙ্গে শীতের আমেজ শুরু হলেও এখানে এখনও বাজারে সেভাবে দেখা মিলছে না শীতকালীন সবজির সম্ভার। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, এই সময় সবজির দাম কিছুটা হলেও কমবে। কিন্তু বাস্তবে ছবিটা সম্পূর্ণ উল্টো। ক্রেতাদের অভিযোগ, বাজারে ঢুকলেই সবজির দাম শুনে রীতিমতো চমকে উঠতে হচ্ছে তাঁদের। আগে যে পরিমাণ সবজি কেনা হত, এখন সেই পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে। সংসারের খরচ সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

ব্যবসায় ভাটা

কেন এরকম হচ্ছে? ব্যবসায়ীদের বক্তব্য, বাজারে সবজির জোগান পর্যাপ্ত নেই। গ্রামের বড় বড় হাট, সবজি উৎপাদনকারী এলাকা থেকে শুরু করে পাইকারি বাজারেও দাম অনেকটাই বেশি। ফলে, বেশি দামে সবজি কিনে খুচরো বাজারে কম দামে তা বিক্রি করা সম্ভব হচ্ছে না। আর এই দাম বাড়ার প্রভাব পড়েছে বিক্রিবাটাতেও। বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক ভাবে কম। যাঁরা আসছেন, তাঁরাও প্রয়োজনের তুলনায় অল্প পরিমাণ সবজিই কিনছেন। ফলে ব্যবসায় ভাটা পড়েছে বলে দাবি ছোট ব্যবসায়ীদের।

প্রশাসনের হস্তক্ষেপের দাবি

শুধু সবজি নয়, ফলের বাজারেও একই ছবি। বিভিন্ন ফলের দামও অনেকটাই বেশি। চিনির দাম সম্প্রতি কিছুটা কমলেও সরষের তেল, মুসুর ডাল, চাল এবং রান্নার বিভিন্ন মশলার দাম ক্রমাগত বেড়েই চলেছে বলে অভিযোগ ক্রেতাদের। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের আনন্দের মধ্যেও তাই মনে তত আনন্দ নেই সাধারণ মানুষের অনেকেরই। কেননা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি তাঁদের  কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। সবজির দাম নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন ক্রেতারা। পুজোর আগে বাজারদর কিছুটা হলেও কমবে কি না, এখন সেদিকেই তাকিয়ে জলপাইগুড়ির সাধারণ মানুষ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES