অয়ন ঘোষাল: রাজ্যে পালাবদলের পর গোহত্যা, পাচার কমেছে। তবে এখনও বন্ধ হয়নি! পুরুলিয়ায় এসইউভি করে গরু পাচারের চেষ্টা হয়েছে। অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে। বাংলায় গোহত্যা,পাচার পুরোপুরি রুখতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ! সেই লক্ষ্যেই দিল্লির কার্যালয়ে নীল নকশা তৈরি হল! রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সংঘের পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসল বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার। শীঘ্রই বাংলায় অভিযান শুরু করবে ভিএইচপি।
ভারতের অন্যতম বৃহত্তম হিন্দু সংগঠনের প্রধান তাঁর নিজস্ব কার্যালয়ে একটি রাজ্য-স্তরের গো-রক্ষা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করছেন। এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আলাদা করে বলে দিতে হয় না। বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিমবঙ্গে আরও শক্তিবৃদ্ধি করতে চাইছে এই বৈঠকের পর তা স্পষ্ট, বলেই মনে করেছেন অনেকে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও কর্মসূচি ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই জেলায় যৌথ ‘গো সেবা’ কর্মসূচি, গো-শালাগুলোর জন্য সহায়তা প্রদান এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হবে।
বৈঠকে রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সংঘের পশ্চিমবঙ্গ শাখার সংখ্যালঘু সেলের নেতা ইকবাল ত্যাগী ও রিজওয়ান আনসারিও উপস্থিত ছিলেন। ওয়াকিবহল মহলের দাবি, সংখ্যালঘু নেতৃত্বের উপস্থিতিতে এই বৈঠক গো হত্যা বা পাচারকে শুধুমাত্র কেবল একটি সম্প্রদায়ের লড়াই বা বিষয় হিসাবে দেখা হচ্ছে না। বরং সব সম্প্রদায়ই যেন এর বিরুদ্ধে সোচ্চার হয় বা প্রতিরোধ গড়ে তোলে সেই বার্তাই দেওয়া হল।
বৈঠকে রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সংঘের পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্বদের সম্মানিত করা হয়েছে। ‘গোমাতা স্মারক’ পুরষ্কার দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বাবান ঘোষ, সংখ্যালঘু সেলের জাতীয় সভাপতি ইকবাল ত্যাগী। এছাড়াও ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের পর্যবেক্ষক বিক্রম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি প্রসেনজিৎ দে। উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি স্বামী ঈশ্বরানন্দ প্রভুজি মহারাজ, ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি রিজওয়ান আনসারিও।
পরিবর্তনের বাংলায় প্রথমবার আগামী বছরের শুরুতেই মকর সংক্রান্তির আগে ঈশ্বর ট্রাস্ট এবং রাষ্ট্রীয় গৌ রক্ষা বাহিনী এবং গোসভা সংঘ পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতায় মহাধর্ম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই মহা ধর্ম সম্মেলনে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)