দুর্ঘটনা নয়, গাছ চুরি করতে গিয়েই মৃত্যু! মৃতদেহের পাশে বাইক রেখে সাজানো হয়েছিল ছক...
Malbazar: পুলিস ও ফরেনসিক তদন্তে আসল সত্য বেরিয়ে আসে। জানা যায়, গাছ কাটার সময় কাটা গাছ গায়ের ওপর পড়েই তাঁর মৃত্যু হয়েছিল। এই কাঠ চুরির ঘটনায় মালবাজার মহকুমা পুলিস ইতিমধ্যেই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
অরূপ বসাক: সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মৃত্যুর ঘটনাকে। মৃতদেহের পাশে ফেলে রাখা হয়েছিল একটি বাইক, যাতে গোটা ঘটনাকে পথ দুর্ঘটনা বলে মনে হয়। কিন্তু পুলিশের তীক্ষ্ণ নজর ও ফরেনসিক তদন্তে শেষ পর্যন্ত ফাঁস হয়ে গেল মৃত্যুর আসল রহস্য। মালবাজার মহকুমা পুলিসের তৎপরতায় গ্রেফতার তিন অভিযুক্ত কাঠ চোর। আরও এক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস।
আরও পড়ুন: 'পুলিসকর্মীর রক্ত বৃথা যাবে না'! শান্তিনিকেতনের ঘটনায় হাসপাতালে দাঁড়িয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ঘটনাটি গত বৃহস্পতিবার রাতের। লাটাগুড়ি জঙ্গলের রাস্তার ধারে উদ্ধার হয় রাজকুমার রায় নামে এক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহের পাশেই পড়েছিল একটি বাইক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে মনে হলেও পুলিসের সন্দেহ হওয়ায় শুরু হয় বিস্তারিত তদন্ত। ঘটনাস্থলে নিয়ে আসা হয় ফরেনসিক দলকেও।
তদন্তে নেমে পুলিস জানতে পারে, এই মৃত্যুর পিছনে রয়েছে কাঠ চুরির ঘটনা।
অভিযোগ, জঙ্গল থেকে গাছ কাটার সময় কাটা গাছটি রাজকুমার রায়ের উপর পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে দেখাতে মৃতদেহের পাশে বাইক রেখে সাজানো হয় পথ দুর্ঘটনার প্রেক্ষাপট। তবে পুলিসের তদন্তে সেই সাজানো গল্পের আড়ালে থাকা আসল ঘটনা প্রকাশ্যে চলে আসে।
মালবাজার মহকুমা পুলিস আধিকারিক সুদীপ্ত সরকারের নেতৃত্বে এই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পুলিস ও ফরেনসিক দল। তদন্তে সহযোগিতা করেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা এবং কান্তি ফাঁড়ির ওসি তেঞ্জিং ভুটিয়া। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। চতুর্থ অভিযুক্তের সন্ধানে চলছে তল্লাশি। সাজানো দুর্ঘটনার আড়ালে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে ফের একবার পুলিসের তদন্ত দক্ষতার পরিচয় মিলল এই ঘটনায়। এপ্রসঙ্গে বন মন্ত্রী মনোজ ওরাও বলেন, আগের সরকার অবহেলার কারণে এই ধরনের চুরির ঘটনা ঘটছে। কিছু দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।
আরও পড়ুন: মদ খেয়ে রাস্তায় গুন্ডামি করলে... যা করা হবে! শুভেন্দুর মন্ত্রীর কড়া হুঁশিয়ারি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)