ধানের ভরা মরসুমে প্রায়শই হাতির হানা! ফসলের ক্ষতিতে ঘোর দুশ্চিন্তায় কৃষকরা!
Jalpaiguri News: খাবারের সন্ধানে রাতভর ধানক্ষেতে চলে আসে হাতির দল। ফসলের জমিতে দাপাদাপি করার পর ভোর হতেই জঙ্গলে ফিরে যায়। হাতির এই আনাগোনায় কার্যত মাথায় হাত এলাকার কৃষকদের। রাত জেগে ফসল পাহারা দিয়েও ধান বাঁচানো কঠিন হয়ে পড়ছে তাঁদের পক্ষে। এরপর কী হবে?
প্রদ্যুত দাস: রাতভর হাতির হানা! জঙ্গল থেকে লোকালয়ে খাবারের সন্ধানে হানা দিল হাতি। ধানক্ষেতে ঘোর দাপাদাপি! তবে, ভোরের আলো ফুটতেই আবার জঙ্গলে ফিরে গেল হাতির দল। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের উত্তর চানাডিপা এলাকায় এমনই ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে।
জমিতে দাপাদাপি
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, খাবারের সন্ধানে রাতভর ধানক্ষেতে চলে আসে হাতির দল। ফসলের জমিতে দাপাদাপি করার পর ভোর হতেই মরাঘাট রেঞ্জের তোতাপাড়া জঙ্গলে ফিরে যায় হাতিগুলি। তবে হাতির এই আনাগোনায় কার্যত মাথায় হাত এলাকার কৃষকদের। রাত জেগে ফসল পাহারা দিয়েও ধান বাঁচানো কঠিন হয়ে পড়ছে তাঁদের কাছে।
ফসলরক্ষায় চিন্তা
ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল-লাগোয়া এলাকায় হাতির হানার ঘটনা নতুন নয়। প্রতিদিন সন্ধ্যা নামতেই লোকালয়ের দিকে চলে আসছে হাতির দল। কখনও গ্রামবাসীদের চিৎকারে জঙ্গলে ফিরে যাচ্ছে হাতিরা, আবার কখনও ধানক্ষেতের ব্যাপক ক্ষতি করে চলে যাচ্ছে। ফলে একদিকে যেমন ফসল রক্ষা নিয়ে চিন্তায় কৃষকরা, অন্য দিকে তেমনই হাতির আনাগোনায় আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।
কেন হাতির হানা ঠেকানো যাচ্ছে না?
অন্য দিকে, বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা নিয়মিত টহলদারি চালালেও হাতির হানা পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। কৃষকদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ধানের ফলন ও তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে। এখন একটাই প্রশ্ন, জঙ্গললাগোয়া এলাকার কৃষকদের ফসল রক্ষা এবং হাতি-মানুষ সংঘাত কমাতে কী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে? সেই দিকেই তাকিয়ে রয়েছেন উত্তর চানাডিপা-সহ আশপাশের এলাকার বাসিন্দারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)