বড় খবর: বন্ধ হল মন্দারমণির সমুদ্রস্নান, কি আর নামতেই পারবেন না? জারি নিষেধাজ্ঞা, একগুচ্ছ কড়া নিয়ম জেনে নিন
Mandarmani Sea Beach New Rules: পর্যটকদের মাথায় হাত, তবে কি উৎসবের মরসুমে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আর সমুদ্রস্নান হবে না? কী বলছে প্রশাসন?
কিরণ মান্না: সৈকত শহর মন্দারমণিতে বেড়াতে এসে সমুদ্রে স্নান করার ক্ষেত্রে বড় বিধিনিষেধ জারি করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিস ও স্থানীয় প্রশাসন। মন্দারমণি পর্যটন কেন্দ্রের ৩ নম্বর ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার বিস্তৃত সমুদ্রতটকে সরকারিভাবে ‘বিপজ্জনক জোন’ (Danger Zone) হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাণহানি ও ধারাবাহিক দুর্ঘটনা এড়াতে এই নির্দিষ্ট এলাকায় পর্যটকদের সমুদ্রে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কেন এই কঠোর পদক্ষেপ?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মন্দারমণির এই নির্দিষ্ট এলাকায় সমুদ্রের রূপ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। গত কয়েক দিনে এই জোনে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে অন্তত পাঁচজন পর্যটকের সলিল সমাধি ঘটেছে। এ ছাড়াও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন পর্যটককে স্থানীয় নুলিয়া ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা কোনওমতে উদ্ধার করতে পেরেছেন।
সমুদ্রের তলদেশে থাকা বিপজ্জনক গর্ত ও তীব্র চোরাস্রোতের ঘূর্ণিই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ। জোয়ার ও ভাটার সময় জলের নিচে বালির চরিত্র দ্রুত বদলে যায়, যা সাধারণ পর্যটকদের পক্ষে বোঝা অসম্ভব। ফলস্বরূপ, জলে নামলেই অতলে তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
সৈকত ঘিরে কড়া নজরদারি
পুলিসের নির্দেশ উপেক্ষা করে কোনও পর্যটক যাতে ওই নিষিদ্ধ এলাকায় জলে নামতে না পারেন, তার জন্য গোটা এলাকা বাঁশের খুঁটি ও দড়ি দিয়ে ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। টাঙানো হয়েছে সতর্কতামূলক লাল নিশান ও ব্যানার।
একই সঙ্গে সৈকত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করা কিংবা নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামার ওপর কঠোর আইনি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কোনও পর্যটক এই নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে পুলিস। সৈকতে সিভিক ভলান্টিয়ার ও পুলিস কর্মীদের নিয়মিত টহলদারি বাড়ানো হয়েছে।
নুলিয়াদের নজরদারিতে নিরাপদ স্নান
প্রশাসনের তরফে পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত পর্যটকদের আনন্দ মাটি করার জন্য নয়, বরং তাঁদের জীবন সুরক্ষার জন্যই নেওয়া হয়েছে। সমুদ্রে স্নান করতে চাইলে পর্যটকদের অবশ্যই স্থানীয় অভিজ্ঞ নুলিয়াদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
নুলিয়া ও নিরাপত্তা কর্মীদের চিহ্নিত করে দেওয়া নির্দিষ্ট ও নিরাপদ জায়গাতেই কেবল স্নান করার অনুমতি মিলবে। পাশাপাশি তাঁদের দেওয়া সুরক্ষাবিধি ও নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পুজোর মরসুমে মন্দারমণিতে রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড় জমে। সেই সময়ে কোনও অনভিপ্রেত দুর্ঘটনা যাতে না ঘটে, তার জন্যই সময় থাকতে এই সতর্কতামূলক ব্যবস্থা নিল জেলা প্রশাসন। সমুদ্রে তৈরি হওয়া গভীর গর্ত ও জলের ঘূর্ণির কথা মাথায় রেখে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বিশেষভাবে আবেদন জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)