ক্যান্সারের সঙ্গে একা লড়ে ৫০০-র বেশি মহিলাকে স্বনির্ভর! হার না মানা দশভুজা 'অন্য দুর্গা' পলি
Durga Puja 2026: পলির কথায়, “মহিলাদের কারও কাছে হাত পাততে হবে না। নিজের হাতে কাজ করে নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হবে।” মারণ রোগের সঙ্গে দ্বিতীয়বার লড়াই চলছে। তবুও থামেননি পলি। স্বপ্ন এখন আরও বড়। শরীর যদি সঙ্গ দেয়, অন্তত এক হাজার মহিলাকে স্বনির্ভর করে তুলতে চান তিনি।
শ্রীকান্ত ঠাকুর: জীবন তাঁকে বারবার থামিয়ে দিতে চেয়েছে। কখনও সংসারের প্রতিকূলতা, কখনও ক্যান্সারের মতো মারণ রোগ। কিন্তু কোনও বাধাই হার মানাতে পারেনি বালুরঘাট ব্লকের পাগলীগঞ্জ এলাকার পোল্লাপাড়ার বাসিন্দা পলি মণ্ডলকে। নিজের জীবনসংগ্রামকে শক্তিতে পরিণত করে আজ তিনি শুধু নিজেই স্বনির্ভর নন, তাঁর হাত ধরে স্বনির্ভরতার পথ দেখেছেন পাঁচশোরও বেশি মহিলা। তাই পলির জীবন যেন এক হার না মানা দশভুজার গল্প। ক্যান্সারের সঙ্গে লড়াই করেও ৫০০-র বেশি মহিলাকে স্বনির্ভর করেছেন পলি।
২০১৩ সালে প্রথমবার ক্যান্সার ধরা পড়ে পলির। তখন তাঁর মেয়ে রিয়ার বয়স মাত্র আট মাস। অসুস্থতার পাশাপাশি সংসারেও নেমে আসে চরম অনিশ্চয়তা। পরিস্থিতির চাপে ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির গ্রাম ছেড়ে বাবার বাড়ির এলাকা পোল্লাপাড়ায় ফিরে আসতে হয় তাঁকে। পাশে দাঁড়ানোর মতো তেমন কেউ ছিল না। একদিকে কোলে শিশুকন্যা, অন্যদিকে মারণ রোগ—সবকিছুকে সঙ্গে নিয়েই শুরু হয় তাঁর একার লড়াই। দীর্ঘ চিকিৎসার পর ২০১৭ সালে ক্যান্সারমুক্ত হন পলি। সেই সময়ই তিনি উপলব্ধি করেন, জীবনে দাঁড়াতে হলে নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে। এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কার্পেট তৈরির প্রশিক্ষণ নেন। তারপর ফিরে আসেন পোল্লাপাড়ায়। বছর তিনেকের মধ্যেই নিজের জন্য একটি কার্পেট তৈরির মেশিন কিনে শুরু করেন কাজ।
হাতে বোনা কার্পেট তৈরি সময়সাপেক্ষ কাজ। একা হাতে কাজ করতে গেলে সময় যেমন বেশি লাগে, তেমনই উৎপাদনও কম হয়। তাই নিজের কাজের পাশাপাশি এলাকার অন্য মহিলাদেরও এই কাজে যুক্ত করার ভাবনা আসে পলির মাথায়। শুরু হয় কয়েকজন মহিলাকে প্রশিক্ষণ দেওয়ার কাজ। প্রথমে মাত্র চারজন মহিলাকে নিয়ে শুরু হয়েছিল পথচলা। সেই ছোট্ট উদ্যোগই আজ রীতিমতো কর্মসংস্থানের জায়গা তৈরি করেছে। পলির কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এখনও পর্যন্ত পাঁচশোরও বেশি মহিলা কার্পেট তৈরির কাজ শিখেছেন। তাঁদের অনেকেই নিজের বাড়িতে মেশিন বসিয়ে কার্পেট তৈরি করছেন। মাসে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছেন তাঁরা।
শুধু পোল্লাপাড়াই নয়, পলির কাছে কাজ শিখতে আসেন কুমারগঞ্জ, তপন, বালুরঘাট, গঙ্গারামপুর, হরিরামপুর-সহ জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার মহিলারাও। তাঁর কার্পেট তৈরির কাজের সঙ্গে বর্তমানে নিয়মিতভাবে ২০ থেকে ২৫ জন মহিলা যুক্ত রয়েছেন। এই উদ্যোগে যুক্ত হওয়া মহিলাদের অনেকেই গৃহবধূ। সংসারের যাবতীয় কাজ সামলে অবসর সময়টুকু আর শুধু গল্পগুজব বা বিনোদনে কাটে না তাঁদের। সেই সময়েই তাঁরা কার্পেট বোনেন। নিজেদের শ্রমে উপার্জন করেন। সংসারের জন্য কিছুটা আর্থিক সাহায্য করার পাশাপাশি নিজেদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তুলছেন।
পলির কথায়, “মহিলাদের কারও কাছে হাত পাততে হবে না। নিজের হাতে কাজ করে নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হবে।” তবে জীবনের লড়াই এখনও শেষ হয়নি পলির। ২০২৫ সালে ফের তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়েছে। চলছে চিকিৎসা। শরীর কখনও সঙ্গ দেয়, কখনও দেয় না। কিন্তু অসুস্থতাকে পাশে সরিয়ে রেখে এখনও তিনি ছুটে চলেছেন অন্য মহিলাদের স্বনির্ভর করার স্বপ্ন নিয়ে। যে সময়ে নিজের জীবন নিয়েই অনিশ্চয়তায় থাকার কথা, সেই সময়ে অন্যের জীবনে আলো জ্বালানোর চেষ্টা করে চলেছেন তিনি। তাঁর মেয়ে রিয়াও আজ উচ্চশিক্ষিতা। মায়ের দীর্ঘ সংগ্রামের সাক্ষী সেই ছোট্ট মেয়েটিই আজ তাঁর শক্তির অন্যতম জায়গা।
পলির জীবনের গল্প শুধু ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প নয়। এটি এক মহিলার নিজের পায়ে দাঁড়ানোর গল্প। এটি অন্য মহিলাদেরও নিজের পায়ে দাঁড় করানোর গল্প। একদিন সামান্য কারণে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে ফিরে আসতে হয়েছিল যে মহিলাকে, আজ তিনিই শত শত মহিলার কাছে হয়ে উঠেছেন স্বনির্ভরতার পথপ্রদর্শক। পলি জানেন, একজন মহিলার নিজের হাতে উপার্জনের ক্ষমতা থাকলে তাঁর আত্মবিশ্বাস কতটা বেড়ে যায়। তাই তাঁর স্বপ্ন এখন আরও বড়। শরীর যদি সঙ্গ দেয়, অন্তত এক হাজার মহিলাকে স্বনির্ভর করে তুলতে চান তিনি।
মারণ রোগের সঙ্গে দ্বিতীয়বার লড়াই চলছে। তবুও থামেননি পলি। তাঁর বিশ্বাস, ক্যান্সারকে যদি হারানো যায়, তবে জীবনের অন্য কোনও বাধাই মানুষকে থামিয়ে রাখতে পারে না। আর সেই বিশ্বাস নিয়েই নিজের জীবনসংগ্রামকে অন্য মহিলাদের স্বপ্নপূরণের হাতিয়ার করে এগিয়ে চলেছেন পলি মণ্ডল।
আরও পড়ুন, লক্ষ্মীর ভাঁড়ের ১,০০০ কয়েনেই প্রাণ পেল মা দুর্গা! তাক লাগাল সুন্দরবনের শুভশ্রী
আরও পড়ুন, ঢাকের তালে আগমনী, দুর্গার সাজে খুদে কন্যারা— আসানসোলে নজর কাড়ল বর্ণাঢ্য শোভাযাত্রা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)