বাংলাদেশ নয়! বাংলার ডানকুনিতেই রাতের অন্ধকারে ভাঙা হল দুর্গা প্রতিমা
Durga Puja 2026: পুজো উদ্যোক্তা থেকে প্রতিমা শিল্পীর বিস্ফোরক অভিযোগ। স্পষ্ট অভিযোগ, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবেই দুর্গা প্রতিমা ভেঙেছে। দুর্গার এক হাত-সহ লক্ষী ও গণেশেরও একটি করে হাত ভাঙার চেষ্টা।
বিধান সরকার: হুগলির ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য। ঘটনাস্থলে ডানকুনি থানার পুলিশ। মঙ্গলবার সকালে ১০ নম্বর ওয়ার্ডে ডানকুনি আবাসন সার্বজনীন পুজা সমিতির দুর্গা প্রতিমা ভাঙার বিষয়টি নজরে আসে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিসকে। পুলিস এসে ছবি তুলে নেয়। গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিস।
পুজো উদ্যোক্তাদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে। গতকাল গভীর রাতে কেউ বা কারা দুর্গা প্রতিমার একটি হাত, লক্ষীর একটি হাত সহ গণেশের একটি হাত ভাঙার চেষ্টা করে। আজ সকালে ঘটনাটি নজরে আসতেই পুলিসকে অভিযোগ জানানো হয়। আবাসনের বাসিন্দা বিজেপি নেতা দেবশিষ মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরে হাউসিংয়ে পুজো হয়ে আসছে। আগে কোনওদিন এমনটা হয়নি। দেখে মনে হচ্ছে প্রতিহিংসাপরায়ণ হয়ে এটা করা হয়েছে।
তিনি আরও বলেন, "দীর্ঘদিন ধরেই হাউজিংয়ের রাস্তা জলের সমস্যা ছিল। সরকার পরিবর্তনের পর সেগুলো হয়েছে। এটা হয়তো কিছু মানুষের সহ্য হচ্ছে না। আমরা পুলিসকে বলেছি। পুলিস তদন্ত করছে। হাউসিংয়ের গেটে সিসি ক্যামেরা আছে। সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা আমাদের মত করে খোঁজ করছি।"
প্রতিমা শিল্পী সঞ্জয় অধিকারী বলেন, "গতকাল দুপুর তিনটে পর্যন্ত আমি কাজ করেছি। তারপর রং কিনতে চলে গিয়েছিলাম। আজকে সকালে শুনলাম এই ঘটনা। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে বলে মনে হচ্ছে। মা দুর্গার কাছে প্রার্থনা করব, একাজ যে করেছে, তার শুভ বুদ্ধির উদয় হোক।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)