পুজোয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বড় চমক: সরকারি বিজ্ঞপ্তি জারি, পঞ্চমীতে ঢুকবে 20 & DA আর অগ্রিম বেতন
West Bengal Govt Employee October festival DA: এই দফায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি রাজ্য কর্মীদের দীর্ঘদিনের দাবি অনেকটাই পূরণ করলেও, কেন্দ্রীয় হারের তুলনায় এখনও কিছুটা ফারাক রয়ে গিয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আসন্ন দুর্গাপুজোর মুখে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট সুখবর। উৎসবের মরশুমে কর্মীদের মুখে হাসি ফোটাতে একজোড়া বড় উপহারের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। পুজোর মুখে কেবল যে চলতি মাসের বেতন নির্দিষ্ট সময়ের অনেক আগেই হাতে আসছে তা-ই নয়, সঙ্গে যোগ হচ্ছে মোটা অঙ্কের বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ (DA - Dearness Allowance)। সরকারি এই সিদ্ধান্তের ফলে রাজ্যের কয়েক লক্ষ কর্মরত কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগী সরাসরি উপকৃত হতে চলেছেন। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে।
কবে ঢুকছে বেতন ও ডিএ-র টাকা?
সাধারণত মাসের শেষে বা পরবর্তী মাসের শুরুতে বেতন মেটানো হলেও উৎসবের কথা মাথায় রেখে এবার তা এগিয়ে আনা হয়েছে। আগামী ১৬ অক্টোবর পড়েছে দুর্গাপুজোর মহাষষ্ঠী। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৫ অক্টোবর মহাপঞ্চমীতেই রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অক্টোবর মাসের অগ্রিম বেতন।
১৫ অক্টোবর থেকেই রাজ্য সরকারি দফতরগুলিতে আনুষ্ঠানিকভাবে পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে। ছুটি পড়ার দিনই যাতে কর্মচারীরা তাঁদের পুরো অর্থ হাতে পেয়ে যান, তার জন্যই ১৫ অক্টোবরকেই চূড়ান্ত দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
বেতনের সঙ্গে বাড়তি ২০ শতাংশ ডিএ
মালদার মানিকচকের একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, ১৬ অক্টোবরের আগেই কর্মচারীরা বর্ধিত মহার্ঘ ভাতাসহ বেতন হাতে পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতির পরই পুর ও নগরোন্নয়ন দফতরসহ একাধিক সরকারি বিভাগ জোরকদমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ১৫ অক্টোবর অগ্রিম বেতনের সঙ্গেই অতিরিক্ত ২০ শতাংশ হারে বর্ধিত ডিএ যোগ করে এককালীন টাকা পাঠিয়ে দেওয়া হবে।
কেন্দ্র বনাম রাজ্যের ফারাক
এই দফায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি রাজ্য কর্মীদের দীর্ঘদিনের দাবি অনেকটাই পূরণ করলেও, কেন্দ্রীয় হারের তুলনায় এখনও কিছুটা ফারাক রয়ে গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। রাজ্যে নতুন বৃদ্ধি মিলিয়ে মোট ডিএ ৩৮ শতাংশে পৌঁছালেও কেন্দ্র ও রাজ্যের মধ্যে এখনও ২২ শতাংশের ব্যবধান বজায় থাকছে।
কেনাকাটার মুখে বড় স্বস্তি
পুজোর মুখে বোনাস বা বেতনের অপেক্ষায় প্রতি বছরই দিন গোনেন মধ্যবিত্ত সরকারি চাকুরিজীবীরা। জামাকাপড় কেনা থেকে শুরু করে উৎসবের প্রস্তুতি—১৫ অক্টোবর পঞ্চমীর দিনই পুরো মাসের বেতন এবং বর্ধিত ডিএ হাতে চলে আসায় কেনাকাটার ক্ষেত্রে কর্মীদের আর কোনো টানাপোড়েনে পড়তে হবে না। ফলে পুজোর মুখে এই সরকারি সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মীদের আনন্দকে যে কার্যত দ্বিগুণ করে দিল, তা বলাই বাহুল্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)