সময়ের আগেই ফুঁসে উঠল অর্ণব! ১৪০ কিমি বেগে ল্যান্ডফলের সতর্কতা, বাংলায় কখন দুর্যোগের তাণ্ডব?
Cyclone Arnab Update: বঙ্গোপসাগরে নির্ধারিত সময়ের আগেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। এটি অতি প্রবল রূপ নিয়ে ২৮ অক্টোবর অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে। ল্যান্ডফলের সময় ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর পরোক্ষ প্রভাবে ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
অয়ন ঘোষাল: পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থিত গভীর নিম্নচাপ আজ ভোরে অতি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে। এটি জলভাগের ওপর দিয়ে এগোতে শুরু করেছে। এর প্রাথমিক অভিমুখ দক্ষিণ দিকে। কাল মঙ্গলবার সকালের পর থেকে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।
আগামীকাল ২৭ অক্টোবর সকাল সাড়ে ৮ টা নাগাদ এই সিস্টেম একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কথা ছিল। এর নাম হবে অর্ণব। তবে সময়ের আগেই তৈরি হল ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ। অর্ণবের অর্থ সাগর বা সমুদ্র। গত ৬ ঘণ্টায় এটি প্রায় ১৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগিয়েছে। বর্তমানে ঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করছে।
অর্ণবের অবস্থান
এই মুহূর্তে অবস্থান ১৫.৪° উত্তর ও ৮৮.৯° পূর্বে - আন্দামান থেকে ৫৯০ কিমি উত্তরপশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৫০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, কাকিনাড়া থেকে ৭৩০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে।
সমুদ্রে ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। আজ, ২৬ অক্টোবর মধ্যরাতের মধ্যেই এটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি তীব্র বা ‘সিভিয়ার’ ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর কাল, ২৭ অক্টোবর একই অঞ্চলে এটি আরও ঘনীভূত হয়ে ‘ভেরি সিভিয়ার’ বা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
আবহাওয়াবিদদের কড়া নজর
শক্তি বাড়ানোর পর এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর বেলা ১২টার আগেই এটি উপকূল পার করবে। সেই সময় বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটারে পৌঁছাতে পারে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ বেগ বা দমকা হাওয়া ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত ছুঁয়ে ফেলতে পারে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা।
আজ ২৬ অক্টোবর সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত
২৭ অক্টোবর মঙ্গলবার সকালে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত (SCS)।
২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে অতি প্রবল ঘূর্ণিঝড় (VSCS) - ১১৫-১২৫ কিমি, দমকা ১৪০ কিমি।
২৮ অক্টোবর বুধবার দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে।
অর্ণবের ল্যান্ডফল
বুধবার ২৮ অক্টোবর ভোরবেলা অর্ণব একটি VERY SEVERE CYCLONIC STORM (VSCS) তে পরিণত হবে। ওইদিন সকাল ১১ টা থেকে বেলা ১ টার মধ্যে যেকোনো সময় বিশাখাপত্তনম থেকে বাপাতলা-র মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে কাঁকিনাড়ার লাগোয়া কোনো এলাকায় এটি ল্যান্ড ফল করতে চলেছে। এটির সর্বোচ্চ গতি সেই সময় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
২৯ তারিখে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিসগঢ়ের দিকে এগোবে।
পশ্চিমবঙ্গে অর্ণবের প্রভাব পরোক্ষ
মঙ্গলবার ২৭ এবং বুধবার ২৮ অক্টোবর উপকূলের কাছাকাছি জেলাগুলিতে (যেমন- কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া।
২৬ অক্টোবর সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। ২৭ অক্টোবর মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে কয়েক জায়গায় হালকা বৃষ্টি, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। ২৮ অক্টোবর বুধবার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ৭০-১১০মিমি এবং ৪০-৫০ কিমি বেগে হাওয়া। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সব জেলায় বৃষ্টি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় ভারী বৃষ্টি। ৩০ অক্টোবর শুক্রবার কিছু জেলার কয়েক জায়গায় হালকা বৃষ্টি।
২৮ থেকে ২৯ অক্টোবর মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (যেমন- দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি) বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক ভাবে বাড়বে। কোথাও কোথাও ভারী এবং কোনো কোনো অংশে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আরও পড়ুন: সব ওয়ার্ডই পাল্টাবে, কর্পোরেশন গড়বে বিজেপি! বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিয়ে হুংকার দিলীপ ঘোষের
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
উত্তরবঙ্গে ২৯ থেকে ৩০ তারিখের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা
সমুদ্রের অবস্থা উত্তাল থাকবে। আজ বিকেলের মধ্যে বাধ্যতামূলক ভাবে মৎস্যজীবীদের উপকূলে ফিরে আসার নির্দেশ। কাল ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি।
হাওয়ার গতিবেগ অন্ধ্রপ্রদেশ উপকূল এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিমি থাকতে পারে, যা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত হতে পারে। আমাদের রাজ্যে (পশ্চিমবঙ্গ) এর প্রত্যক্ষ প্রভাব অপেক্ষাকৃত কম থাকবে, তবে উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাব কিছুটা অনুভূত হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)