বাংলায় তুমুল দুর্যোগ: বুধবার থেকেই ৬০ কিমি ঝড়ে তছনছ হতে পারে উপকূল, ‘অর্ণব’-এর ঝাপটায় ভাসবে বঙ্গ? বাংলায় লাল সতর্কতায় বিপর্যয়ের অশনিসংকেত
Cyclone Arnab Bengal Update: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। অন্ধ্র উপকূলে ল্যান্ডফল হলেও বাংলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট।
অয়ন ঘোষাল: শরতের শান্ত আকাশে আচমকাই কালো মেঘের ডানা মেলল বঙ্গোপসাগর। শক্তি সঞ্চয় করে দ্রুত অতি প্রবল ঘূর্ণিঝড়ে (Very Severe Cyclonic Storm) রূপ নিচ্ছে সাইক্লোন ‘অর্ণব’ (Cyclone Arnab)। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সরাসরি বাংলার উপকূলে আছড়ে না পড়লেও, এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ ঝাপটা থেকে রেহাই পাচ্ছে না রাজ্য। সমুদ্র উত্তাল হওয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বর্ষণ এবং উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ধসের আশঙ্কা-- জোড়া ফলায় বিদ্ধ হতে চলেছে বাংলা।
ঘূর্ণিঝড় 'অর্ণব' নিয়ে তোলপাড় বাংলা এবং পার্শ্ববর্তী দুই রাজ্য ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। কবে কখন কোথায় ল্যান্ডফল? এখন কোথায়? গত ৬ ঘণ্টায় ১৫ কিমি বেগে এই ঝড় পশ্চিম দিকে এগিয়েছে। আজ ২৬ অক্টোবর সোমবার পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ওড়িশার গোপালপুর থেকে ৫৮০ কিমি দক্ষিণ-পূর্বে। বিশাখাপত্তনম থেকে ৬১০ কিমি পূর্বে। কাকিনাড়া থেকে ৬৯০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে। এখন সমুদ্রে হাওয়ার গতিবেগ ৬৫-৭৫ কিমি, বেড়ে হবে ৮৫ কিমি।
ঘূর্ণিঝড় কোন পথে?
আজ ২৬ অক্টোবর সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড় শক্তি বাড়াবে পরিণত হতে পারে সাইক্লোনে। যার গতি হবে ঘণ্টায় ৯০-১০০ কিমি, দমকা হাওয়া ১১০ কিমি বেগে।
২৭ অক্টোবর মঙ্গলবার সকালে শক্তিশালী ঘূর্ণিঝড় ১১০-১২০ কিমি বেগে বইবে, হাওয়ার গতিবেগ হবে ১৩০ কিমি।
২৭ অক্টোবর মঙ্গলবার বিকেলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ১১৫-১২৫ কিমি, দমকা হাওয়া ১৪০ কিমি বেগে বইবে- পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে।
২৮ অক্টোবর বুধবার সকালে একই শক্তি নিয়ে উপকূলের কাছে থাকবে। দুপুরের মধ্যে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করবে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় ১১৫-১২৫ কিমি বেগে বইবে, দমকা হাওয়া ১৪০ কিমি বেগে বইবে।
ল্যান্ডফলের পর দুর্বল হয়ে ২৯ অক্টোবর বৃহস্পতিবার গভীর নিম্নচাপ হয়ে ছত্তিশগড়ের দিকে এগোবে।
বাংলায় প্রভাব
পরোক্ষভাবে বাংলায় প্রভাব। ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি, দমকা ৬০ কিমি ঝোড়ো হাওয়া এবং সমুদ্র উত্তাল থেকে খুব উত্তাল হবে।
দক্ষিণবঙ্গ
আজ শুষ্ক আবহাওয়া সারাদিন দক্ষিণবঙ্গে।
২৭ অক্টোবর মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০-৪০ কিমি বেগে বজ্রবিদ্যুত্-সহ ভারী বৃষ্টি হবে।।
২৮ অক্টোবর বুধবার সব জেলায় অনেক জায়গায় বৃষ্টি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি (৭০-১১০ মিমি)। উপকূলে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
২৯ অক্টোবর বৃহস্পতিবার সবচেয়ে বেশি প্রভাব - পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বেশিরভাগ জায়গায় বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলায় অনেক জায়গায় বৃষ্টি।
৩০-৩১ অক্টোবর শুক্র ও শনিবার কয়েক জায়গায় হালকা বৃষ্টি।
উত্তরবঙ্গ
২৮ অক্টোবর বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। ২৮-অক্টোবরে কয়েক জায়গায় হালকা বৃষ্টি।
২৯ অক্টোবর বৃহস্পতিবার অনেক জায়গায় বৃষ্টি, দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি।
৩০-অক্টোবর শুক্রবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। পাহাড়ে ধসের আশঙ্কা।
মৎস্যজীবীদের জন্য কী সতর্কবার্তা?
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ২৭ থেকে ২৯ অক্টোবর সমুদ্রে যেতে নিষেধ। গভীর সমুদ্রে ২৬ অক্টোবর থেকে নিষেধ। আজকে সন্ধের মধ্যে উপকূলে ফিরতে নির্দেশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)