বাংলার জমিতে বর্গির মতো হামলা চালাচ্ছে 'আখভান'! প্রকৃতির রুদ্র রোষে তছনছ বিঘের পর বিঘে ফসল, উদ্বিগ্ন কৃষককুল
Cyclone Akwan Effects on Agriculture: এখন পাকা ধান মাঠে, এরই মধ্যে দুর্যোগ। তাই অজানা আশঙ্কায় কপালে ভাঁজ কৃষকদের। চিন্তার কারণ গভীর। সব কৃষকের চাষের পিছনেই রয়েছে একাধিক আর্থিক দায়। কেউ ধারদেনা করে জমিতে ফসল ফলিয়েছেন, কেউ আবার সার-বীজ-কীটনাশক ও মজুরির খরচ জুগিয়েছেন নিজের সঞ্চয় ভেঙে। এখন কী হবে?
ই গোপী: কয়েক মাসের পরিশ্রম কি জলে যাবে? পাকা আমন ধানের মাঠে 'আকভানে'র আতঙ্ক পশ্চিম মেদিনীপুরে। সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলার অপেক্ষা। মাঠ জুড়ে পেকে উঠেছে সোনালি আমন ধান। কোথাও বাদশাভোগ, কোথাও লালস্বর্ণ, চৈতালি, মুগি কিংবা কবিরাজ। আর সেই ফসল কাটার ঠিক মুখেই দুর্যোগের আশঙ্কা!
ব্যাপক ক্ষতির আশঙ্কা
ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন পশ্চিম মেদিনীপুরের কৃষকেরা। সকাল থেকেই উদ্বেগের ছবি সবং, পিংলা, ডেবরা, নারায়ণগড়, বেলদা হয়ে ওড়িশা-সংলগ্ন দাঁতন পর্যন্ত। এখন আমন ধান কাটার ব্যস্ত মরশুম। কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমের পর মাঠে ফলেছে সোনালি ফসল। এই সময়টুকুই কৃষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধান ঘরে তুলতে পারলেই মিলবে সারা বছরের পরিশ্রমের সার্থকতা। কিন্তু প্রকৃতির রুদ্ররোষের আশঙ্কায় সেই স্বপ্নেই যেন জল ঢালতে চলেছে ‘আকভান’।
ঋণ শোধ হবে?
চিন্তার কারণ আরও গভীর। কারণ, সব কৃষকের চাষের পিছনে রয়েছে একাধিক আর্থিক দায়। কেউ ধারদেনা করে জমিতে ফসল ফলিয়েছেন, কেউ আবার সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের খরচ জুগিয়েছেন নিজের সঞ্চয় ভেঙে। এখন পাকা ধান মাঠে থাকতেই দুর্যোগের আশঙ্কায় তাঁদের কপালে চিন্তার ভাঁজ। চাষিদের আশঙ্কা, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাব বাড়লে জমিতে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়তে পারে। তাতে শুধু ফসলের ক্ষতিই নয়, ধান কাটা ও ঘরে তোলার কাজও কঠিন হয়ে উঠতে পারে। শেষ মুহূর্তে ফসলের ক্ষতি হলে কীভাবে ঋণ শোধ করবেন, কীভাবেই বা সংসার চালাবেন, সেই চিন্তাই এখন তাড়া করে বেড়াচ্ছে কৃষকদের।
সোনালি ধানের স্বপ্নের মৃত্যু
একদিকে আকাশের দিকে তাকিয়ে আবহাওয়ার গতিপ্রকৃতি বোঝার চেষ্টা, অন্য দিকে মাঠের পাকা ধানের দিকে তাকিয়ে অসহায় অপেক্ষা। সব মিলিয়ে ‘আখভান’-এর আশঙ্কায় উদ্বেগে দিন কাটছে কৃষকদের। যে সোনালি ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন কৃষকেরা, সেই ধানই এখন দুর্যোগের আশঙ্কায় অনিশ্চয়তার মুখে। কয়েক মাসের পরিশ্রম কি শেষ মুহূর্তে প্রকৃতির কোপে নষ্ট হবে? উত্তর খুঁজছেন পশ্চিম মেদিনীপুরের চাষিরা।
ঝাড়গ্রামে
একটানা বৃষ্টি চলছে গতকাল থেকে। নাজেহাল সাধারণ মানুষ। শীতের শুরুতে এই বৃষ্টি মানুষের সমস্যা বাড়াচ্ছে। চাষিদের অবস্থা সবচেয়ে খারাপ। মাঠের ধান ইতিমধ্যে ভিজে গিয়েছে। জল জমতে শুরু করেছে মাঠে। ফলে বিপুল পরিমাণ ধান নষ্টর আশঙ্কা। একই অবস্থা সব্জির ক্ষেত্রেও। গতকাল থেকে শুরু হওয়া বৃষ্টি একবারও থামেনি। কখনও ইলশেগুঁড়ি, তো কখনো ঝমঝমিয়ে বৃষ্টি। আর তার জেরেই কাজে বেরোনো সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম সমস্যার মধ্যে। পাশাপাশি রাস্তাঘাটের বেহাল অবস্থা বৃষ্টির জেরে আরও বেহাল। সব মিলিয়ে অসময়ের এই বৃষ্টিতে সমস্যার মধ্যে সাধারণ মানুষ।
হিঙ্গলগঞ্জে
আকভানের প্রভাবে সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জেও বৃষ্টি।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'আকভান'-এর প্রভাবে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ উপকূলীয় এলাকায় হালকা টানা বৃষ্টি চলছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে সুন্দরবন অঞ্চলের কৃষক এবং উপকূলবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
বৃষ্টিপাত
গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত
উলুবেড়িয়া: ৭৭ মিলিমিটার
বসিরহাট: ৪৭ মিলিমিটার
ক্যানিং: ৬৫ মিলিমিটার
সাগর দ্বীপ : ৭০ মিলিমিটার
ঝাড়গ্রাম : ৮৩ মিলিমিটার
খড়গপুর : ৮০ মিলিমিটার
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)