দক্ষিণ পেরিয়ে পূর্বে! বাংলায় বিজয়, বর্ধমানে খুলল TVK-র প্রথম অফিস
Vijay TVK in Bengal: এখনই কোনও সরাসরি নির্বাচনী লড়াই বা রাজনৈতিক কর্মসূচি নয়। মূলত জনসেবা ও সামাজিক কাজকে হাতিয়ার করে বঙ্গে দলের ভিত বাড়াতে চাইছে TVK। বাংলায় TVK নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না বা কবে থেকে বাংলায় সক্রিয় রাজনীতিতে নামবে— সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তামিলনাড়ুর কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব এবং থালাপতি বিজয় নিজে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ থেকে পূর্বে বিজয়ের বার্তা! পশ্চিমবঙ্গে প্রথম দলীয় কার্যালয় খুলল TVK। তামিল রাজনীতিতে বিজয়ের পর এবার পূর্ব ভারতে সংগঠন বিস্তারে নজর দিয়েছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানে দলের প্রথম কার্যালয় খুলল TVK। বর্ধমান শহরের রেনেসাঁ টাউনশিপের কাছে এরাজ্যের TVK-র প্রথম কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
তবে এখনই কোনও সরাসরি নির্বাচনী লড়াই বা রাজনৈতিক কর্মসূচি নয়। মূলত জনসেবা ও সামাজিক কাজকে হাতিয়ার করে বঙ্গে দলের ভিত বাড়াতে চাইছে TVK। রাজ্য কো-অর্ডিনেটর চৈতালি রায় জানান, তামিলনাড়ুতে থালাপতি বিজয় যেভাবে সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন, বাংলাতেও সেই একই পথ অনুসরণ করা হবে। তিনি বলেন, কেবল পার্টি অফিস খোলা বা খাতায়-কলমে সদস্য বাড়ালেই সংগঠন শক্তিশালী হয় না। মানুষের ঘরে ঘরে পৌঁছানো, তাঁদের সুখ-দুঃখ ও সমস্যার কথা শোনা এবং বিপদের দিনে পাশে দাঁড়িয়ে আস্থা অর্জন করাই তাঁদের মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত, গত প্রায় ২ মাস ধরে রাজ্যজুড়ে TVK বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করছে বলে দাবি দলের তরফে। সম্প্রতি মালদা জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। বর্ধমানে কার্যালয় খুলে কলকাতা, হাওড়া, বীরভূম ও মুর্শিদাবাদ-সহ বিভিন্ন জেলা থেকে নতুন সদস্যদের দলে যুক্ত করাই এখন লক্ষ্য। পাশাপাশি থালাপতি বিজয়ের ভক্ত ও সমর্থকদের এক ছাতার তলায় এনে সামাজিক কাজে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
ভবিষ্যতে বাংলায় TVK নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না বা কবে থেকে বাংলায় সক্রিয় রাজনীতিতে নামবে— সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তামিলনাড়ুর কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব এবং থালাপতি বিজয় নিজে। আপাতত রাজনৈতিক প্রচারের চেয়ে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছানোই TVK-র প্রাথমিক লক্ষ্য। লক্ষ্য বাংলায় দীর্ঘ যাত্রার। যার প্রথম অধ্যায় সূচিত হল বর্ধমানে পার্টি অফিস খোলার মধ্যে দিয়ে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)