অনুপ দাস: সীমান্তে ফেন্সিডিল পাচারের অভিযোগ। পুলিসের জালে চাপড়া থানারই সিভিক ভলেন্টিয়ার। নিষিদ্ধ কাশির সিরাপ-সহ গ্রেফতার! চাপড়া থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে চাঞ্চল্য নদিয়ায়।
অভিযোগ, গতকাল রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়ার হাটখোলা সীমান্তে যাতায়াতের সুইচগেটের কাছে নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে যাওয়ার সময় পুলিসের হাতে ধরা পড়েন চাপড়া থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার।
পুলিস সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে হাটখোলা সীমান্ত এলাকায় অভিযান চালায় চাপড়া থানার পুলিস। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ২৪৮ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ,বলে দাবি পুলিসের। এরপরই গ্রেফতার করা হয় চাপড়া থানায় কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ারকে। ধৃতের নাম সাবাজ মণ্ডল। তাঁর বাড়ি চাপড়ার ভাদগাছি এলাকায় বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।
অভিযোগ, সীমান্তে ওই নিষিদ্ধ কাশির সিরাপ নিয়ে যাওয়ার আগেই পুলিসের অভিযানে ধরা পড়েন তিনি। ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের অভিযোগে এবার সিভিক ভল্যান্টিয়ারই গ্রেফতার।
পুরো ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিস। ধৃত সিভিক ভলেন্টিয়ারকে আজ আদালতে তোলা হবে। তাঁকে পুলিস হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হতে পারে বলে পুলিস সূত্রে খবর।তদন্তে উঠে আসে কি না আরও কোনও নাম, এখন সেদিকেই নজর রয়েছে পুলিসের।
জানা যাচ্ছে তৃণমূল সরকারের আমলে সিভিক ভল্যান্টিয়ার হিসেবে যোগ দেন সাবাজ। মাঝে দেড় বছরের জন্য বাহিরে কাজে গিয়েছিলেন। নতুন সরকারের অধীনে আবার তিনমাস আগে কাজে যোগ দেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)