প্রতিবেশী প্রৌঢ়ের খাটের তলায় মেলে রক্তাক্ত দেহ, নাবালিকার খুন-ধর্ষণ মামলায় ফাঁসির সাজা বহাল হাইকোর্টে
Hooghly Crime:সন্ধেয় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ওই শিশুকন্যা। শেষবার তাকে দেখেছিল তার বাবা। খবর রটতেই শুরু হয়ে যায় খোঁজাখুঁজি
অর্ণবাংশু নিয়োগী ও বিধান সরকার: ২০২৪ সালে হুগলির এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট। ২০২৫ সালে অভিযুক্ত অশোক সিংহকে ফাঁসির সাজা দেয় জেলা আদালত। তবে আপাতত সুপ্রিম কোর্টে আবেদনের জন্য আগামী ৩ মাস ওই সাজা কার্যকর করা যাবে না।
জেলা আদালতের ফাঁসির সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেন সাজাপ্রাপ্ত অশোক সিংহ। অন্যদিকে, অশোকের সর্বোচ্চ সাজা বহাল রাখার আবেদন নিয়ে আদালতে সওয়াল করে রাজ্য সরকার। সেই মামলায় নিম্ন আদালতের সাজা বহাল রাখলেন বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ। তবে আগামী ৩ মাস ওই সাজা কার্যকর করা যাবে না। ওই সময়ে অশোক সিংহ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন। কলকাতার হেতাল পারেখ খুনের মামলায় আলিপুর দায়রা আদালত অভিযুক্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে মৃত্যুদণ্ড দেয়। সেই মামলায় কলকাতা হাই কোর্ট ১৯৯২ সালের ৭ অগস্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে।
সন্ধেয় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় ওই শিশুকন্যা। শেষবার তাকে দেখেছিল তার বাবা। খবর রটতেই শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। প্রতিবেশী অশোক সিংহের বাড়িতে খাটের তলা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তারপর তাকে ধনেখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই মামলার বিচারপর্ব শুরু হয় চুঁচুড়ার পকসো আদালতে। মাত্র ২ মাসের মধ্যে রায় ঘোষণা করে জেলা আদালত। ফাঁসির সাজা দেওয়া হয় অশোককে।
আরও পড়ুন-রান্নাঘরে জলের বালতিতে পড়ে মর্মান্তিক পরিণতি ১৪ মাসের শিশুর, বাবা-মায়ের বয়ানে বড়সড় অসংগতি
হাইকোর্টের সাজা নিয়ে মমতা তৃণমূলের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, জঘন্নতম অপরাধের যে সাজা হওয়া উচিত সেটাই হয়েছে। ২০২৪ সালে আমাদের সরকার ছিল। লোকে বলছে তখন নাকি মানুষ বিচার পেত না। তখন যে বিচার হয়েছিল সেই বিচারের রায়ই তো আজ বহাল রাখল আদালত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)