ভাঙড়ে সিপিএম-আইএসএফের সম্পর্কে ফাটল? সিপিএম নেতাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ
ভাঙড়ের সাতুলিয়া তেতুলতলায় সিপিএম নেতা গিয়াসউদ্দিন মোল্লাকে লক্ষ্য করে দুটি বোমা ছোড়ার অভিযোগ। অভিযোগের তির আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তদন্তে পোলেরহাট থানার পুলিস।
প্রসেনজিত্ সর্দার: ভাঙড়ে সিপিআইএম-আইএসএফের বন্ধুত্বে ফাটল! সিপিআইএম নেতাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। একসময় তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়াই। আর এবার সেই সিপিআইএম ও আইএসএফের সম্পর্কেই কি ফাটল ধরতে শুরু করেছে? ভাঙড়ে সিপিআইএম নেতা গিয়াস উদ্দিন মোল্লাকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের পোলেরহাট থানার অন্তর্গত সাতুলিয়া তেতুলতলা এলাকায়। অভিযোগ, সিপিআইএম নেতা গিয়াসউদ্দিন মোল্লা বাইকে চেপে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন রাতে। সেই সময় সাতুলিয়ার তেতুলতলা এলাকায় কয়েকজনের সঙ্গে কথা বলার জন্য তিনি বাইক দাঁড় করান।
ঠিক তখনই আচমকা তাঁর বাইকের পিছনে হামলা চালানো হয় বলে অভিযোগ। তাঁকে লক্ষ্য করে পরপর দুটি বোমা ছোড়া হয়েছে বলেও দাবি সিপিআইএমের। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে বোমার সুতলি পড়ে থাকতে দেখা যায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিস। তবে আইএসএফের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পোলেরহাট থানার পুলিস।
আরও পড়ুন, ভয়াল ভাঙনের কোপে জেটি, অচিরেই তলিয়ে যেতে পারে নদীগর্ভে; বিশ্রামঘরটিও কি বাঁচবে না? ভয়ংকর আতঙ্ক
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)