অয়ন ঘোষাল: ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! অক্টোবর এবং নভেম্বর এই দু'মাস বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। তাই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। থাইল্যান্ড উপকূল থেকে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত এসেছে আন্দামান সাগর এলাকায়। এই ঘূর্ণাবর্ত শুক্রবার থেকে শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আন্দামান সাগর থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এরপর এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরো শক্তিশালী হবে।
মার্কিন থেকে ইউরোপিয়ান মডেল
মার্কিন যুক্তরাষ্ট্রের মডেল জিএফএস অনুযায়ী এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অক্টোবরের শেষ দিকে। ২৩ অক্টোবর এটি নিম্নচাপে পরিণত হবে। উত্তর-পশ্চিম দিকে আরও শক্তিশালী হয়ে এটি ২৫ অক্টোবর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই মডেল অনুযায়ী ল্যান্ডফলের সম্ভাবনা ওড়িশায়। ২৭ অক্টোবর রাতের দিকে ভুবনেশ্বরের কাছাকাছি এটি স্থলভাগে ঢুকতে পারে। ইউরোপিয়ান মডেল ইসিএমডব্লিউএফ-ও ঘূর্ণিঝড়ের দিকেই ইঙ্গিত করছে। যদিও এই মডেল অনুযায়ী ২৪ অক্টোবর নিম্নচাপ তৈরি হবে। ২৬ অক্টোবর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৮ অক্টোবর অপরাহ্নে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া সংলগ্ন এলাকায় এটি স্থলভাগে ঢুকতে পারে।
শক্তিশালী নিম্নচাপই
আবহাওয়ার বিভিন্ন মডেল অক্টোবরের শেষে ঝড়ের ইঙ্গিত দিলেও এখনও পর্যন্ত শক্তিশালী নিম্নচাপের কথাই বলছে ভারতের মৌসম ভবন।
অর্ণব!
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৩টি দেশের (বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইয়েমেন ও ইরান) দেওয়া নামের একটি পূর্বনির্ধারিত ক্রমতালিকা থেকে সিরিয়াল অনুযায়ী নামকরণ করা হয়। যখন কোনো নিম্নচাপ বা গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে নির্দিষ্ট তীব্রতার (সাইক্লোনিক স্টর্ম) রূপ নেয়, তখন এই তালিকা থেকে ক্রমানুসারে পরবর্তী নামগুলি ব্যবহার করা হয়। এই তালিকা অনুযায়ী বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে 'অর্ণব'। বাংলাদেশের দেওয়া এই নাম। বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় 'অর্ণব' নামের বাংলা অর্থ হল 'সমুদ্র' বা 'সাগর' (ইংরেজি: Ocean বা Sea)।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)