অয়ন ঘোষাল: কচ্ছপের গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান'! এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে ঝড়ের গতি কম হলেই যে বিপদ কমবে, তা কিন্তু নয়। বরং ধীর গতির ঝড়ে সম্ভাবনা থাকে অতি বৃষ্টির। যার জেরে বন্যার আশঙ্কা বাড়ে।
কী বলছে গবেষণা?
ধীর গতির ঘূর্ণিঝড় নিয়ে কী বলছে গবেষণা? ২০২১ সালে ‘জার্নাল অফ হাইড্রোমেটিওরোলজি’-তে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল। সেখানে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে আছড়ে পড়া ২৮০টি ঘূর্ণিঝড় বিশ্লেষণ করা হয়েছিল। ওই গবেষণায় ঝড়ের গতির সঙ্গে বন্যার ভয়াবহতার সম্পর্ক পাওয়া গিয়েছিল। দেখা গিয়েছে, ধীর গতির ঝড়ের ফলে সংশ্লিষ্ট এলাকায় অনেক বেশি বৃষ্টি হয়। এর ফলে নদীতে বন্যার আশঙ্কা বহু গুণ বেড়ে যায়। কেন এরকম ঘটে? এর কারণও খুব সহজ। ঝড় ধীরে হলে তার মেঘমালা একই জায়গায় দীর্ঘক্ষণ আটকে থাকে, এবং তখন বৃষ্টিও হয় একটানা।
বন্যার নেপথ্যে আর কোন কোন কারণ?
গবেষকরা জানিয়েছেন, বন্যার তীব্রতায় বৃষ্টির পরিমাণ সবচেয়ে বড় ভূমিকা নেয়। এ ছাড়া ঝড়ের তীব্রতা, মাটির আর্দ্রতা এবং ভূমির ঢালের উপরেও বন্যা নির্ভর করে। তুলনামূলক দুর্বল ঘূর্ণিঝড়ও ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে। অর্থাৎ, শুধু হাওয়ার গতিবেগ দেখে বন্যার বিপদ মাপা সম্ভব নয়। এর আগে ১৯৭৬ ও ১৯৮৭ সালেও এল-নিনোর প্রভাবে এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের মুখে পড়েছিল অন্ধ্রপ্রদেশ।
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত
উলুবেড়িয়া: ৪৯ মিলিমিটার
ব্যারাকপুর: ৪৫ মিলিমিটার
সল্টলেক: ৪০.৫ মিলিমিটার
দমদম: ৩৬ মিলিমিটার
বসিরহাট: ৩৫ মিলিমিটার
আলিপুর: ৩৪ মিলিমিটার
ক্যানিং: ৩০ মিলিমিটার
(সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)