কিস্তির টাকা আদায়ের নামে চরম নৃশংসতা! বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ ব্যাংক অফিসারের বিরুদ্ধে
Canning Crime: অভিযুক্ত অফিসার সলমান সরদার ওই বৃদ্ধার মাথা দেওয়ালে ঠুকে দেন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় কৌশল্যা মাঝি নামে ওই বৃদ্ধা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় পরিবারের তরফে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসেনজিত্ সর্দার: কিস্তির টাকা আদায় করতে গিয়ে বৃদ্ধার উপর চড়াও। শুধু তাই নয়, বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ব্যাংক অফিসারের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে বাসন্তী থানা অন্তর্গত বড়িয়া এলাকায়। গোটা ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য। আক্রান্ত মহিলার নাম কৌশল্যা মাঝি। গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তাঁর সিটি স্ক্যান করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: কোটি টাকার রহস্যভেদে মধ্যরাতে অ্যাকশন! TMC বিধায়কের বাড়িতে CID, কোথায় শামিম আহমেদ?
সূত্রের খবর, বড়িয়া এলাকার জয়ন্তী মাহাতো(মাঝি) কিছুদিন আগে এলাকার এক বেসরকারির ব্যাংক থেকে ৩০ হাজার টাকা লোন নিয়েছিলেন। লোনের শর্ত অনুযায়ী প্রতি সপ্তাহে ৭২০ টাকা করে কিস্তি দেওয়ার কথা ছিল।মহিলার দাবী ইতিমধ্যেই ২০টি কিস্তি দিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রায় ১৪ হাজার ৪০০ টাকা তিনি শোধ করে দিয়েছেন।
ওই মহিলার স্বামী কৃষ্ণ মাহাতো কাজের সূত্রে মহারাষ্ট্রের মুম্বাইতে থাকেন। বাড়িতে মহিলা ও তাঁর বৃদ্ধা মা থাকেন। এদিন আচমকা ওই ব্যাংকে অফিসার ওই বাড়িতে হাজির হন। পরিবারের অভিযোগ, বাড়িতে ঢুকেই ওই অফিসার টাকা-পয়সা নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু করেন। কিস্তির টাকা নিয়ে বচসা বাধে। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই অফিসার প্রথমে মহিলার বৃদ্ধা মায়ের সঙ্গে গন্ডগোল শুরু করেন এবং পরে তাঁকে বেধড়ক মারধর করেন।
আরও পড়ুন: বছর শেষে রেলপথে বড়সড় বিপর্যয়! টানা ২৫ দিন বাতিল ৯০ ট্রেন, ঘুরপথে চলবে আরও ৮
পরিবারের লোকজন জানিয়েছেন, বৃদ্ধার মাথা ঘরের দেওয়ালের গায়ে ঠুকে দেওয়া হয় অভিযোগ। মারধরের পর বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। এরপর অভিযুক্ত অফিসার ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনা নিয়ে অভিযুক্ত ব্যাংক অফিসার সলমান সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর কোনও সদুত্তর মেলেনি। আক্রান্ত পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁরা এই ঘটনার বিরুদ্ধে বাসন্তী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।তদন্তে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)