প্রসেনজিত্ মালাকার: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার অনুব্রত ঘনিষ্ঠ করিম খান। ২০২১-এর ভোট পরবর্তী হিংসা মামলায় বড় পদক্ষেপ। ৩২টি মামলার অভিযুক্ত করিম খান, তাকে গ্রেফতার করা হয়েছে। বোলপুর পার্টি অফিস থেকে আটক, পরে গ্রেফতার করা হয় তাকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর পুলিসের জালে নানুরের তৃণমূল নেতা। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বিস্তারিত ঘটনা
বীরভূমের নানুরে ২১-এ ভোট পরবর্তী হিংসা মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত ঘনিষ্ঠকে। এরপর অবশেষে গ্রেফতার করা হয় নানুরের দাপুটে তৃণমূল নেতা আব্দুল কেরিম খানকে। ধৃত তৃণমূল নেতার বাড়ি নানুর থানার অন্তর্গত সাঁতরা গ্রামে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিসের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আব্দুল কেরিম খান। এদিন সন্ধ্যায় বীরভূমের জেলা তৃণমূলের বোলপুর পার্টি অফিস থেকে আটক করে নানুর থানার পুলিস। এই পার্টি অফিসেই নিয়মিত বসেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
পরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে নানুর থানার পুলিস। বীরভূম জেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক সন্ত্রাস ছড়ানো এবং ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযোগ রয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এছাড়াও মোট ৩২টি মামলায় রয়েছে বলে জানা গিয়েছে পুলিস সূত্রে। আগামীকাল অর্থাত্ সোমবার তাঁকে বোলপুর আদালতের পাঠানো হবে। ঘটনার তদন্তের জন্য ১৪ দিনের পুলিস হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিস সূত্রে খবর।
কী অভিযোগ করিম খানের বিরুদ্ধে?
পুলিস সূত্রে খবর, কেরিম খানের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর অর্থাৎ ২ মে-র পরবর্তী সময়ে এলাকায় ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই সময় এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং লুটপাট চালানো হয়েছিল। এমনকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
এর পাশাপাশি গোরু পাচার ও বালি পাচার মামলায় সিবিআই ও ইডির রাডারে ছিলেন তৃণমূল নেতা কেরিম খান। অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ট বলে জানা যায় জেলার রাজনীতিতে।
উল্লেখ্য, অন্যদিকে ২০২০ সালে জেপি নাড্ডার গাড়িতে হামলা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল যুব নেতা ইমরান হাসান মোল্লাকে। উস্তি থানার অন্তর্গত রাজারহাট শিরাকলের কাছে তাঁর গাড়ির উপরে আক্রমণ হয়েছিল বলে এমনটাই অভিযোগ উঠেছিল। সেই এলাকায় ঘটনার পুনর্নির্মাণের জন্য হাতকড়া পরিয়ে ইমরানকে ঘোরায় পুলিস। মূলত এই রাজারহাট শিরাকল, উস্তি বাজারে তাকে ঘোরানো হয় বলে এমনটাই জানা যায়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে যে, তোলাবাজি এবং তার পাশাপাশি বিভিন্ন সময় হুমকি- এইসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল বলে জানা যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)