বিরাট ভাঙন মমতা তৃণমূলে: একঘরে বিধায়ক, দল ভেঙে NCPI তে যোগ ১৯ জনের, একাকী নেত্রীর এবার হাতছাড়া পঞ্চায়েত সমিতিও? হাতেগরম রাজনৈতিক ব্রেক
TMC members join NCPI: উত্তর দিনাজপুরের ইসলামপুর ও গোয়ালপোখর-২-এর পর এবার চোপড়া পঞ্চায়েত সমিতিও তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো। মঙ্গলবার কলকাতায় গিয়ে ওই পঞ্চায়েত সমিতির ১৯ জন সদস্য আনুষ্ঠানিকভাবে NCPI দলে যোগ দিয়েছেন।
ভবানন্দ সিংহ ও রাজীব চক্রবর্তী : চোপড়া পঞ্চায়েত সমিতিও হাতছাড়া তৃণমূলের। NCPI-তে যোগ দিলেন ১৯ সদস্য, ক্রমশ একঘরে বিধায়ক হামিদুল রহমান?
ইসলামপুর ও গোয়ালপোখর-২-এর পর এবার চোপড়াতেও রাজনৈতিক ধাক্কা তৃণমূলের। পঞ্চায়েত সমিতির সদস্যদের দলবদলের দিন সংবাদমাধ্যমের সামনে এলেন না বিধায়ক হামিদুল রহমান। তাঁর নীরবতা ঘিরে জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা।
উত্তর দিনাজপুরের রাজনীতিতে ফের বড়সড় পালাবদল। ইসলামপুর ও গোয়ালপোখর-২-এর পর এবার চোপড়া পঞ্চায়েত সমিতিও কার্যত হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার চোপড়া পঞ্চায়েত সমিতির ১৯ জন সদস্য NCPI দলে যোগদান করলেন। তাঁদের এই দলবদলের ফলে চোপড়ার রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পাশাপাশি নিজের গড়েই ক্রমশ একা হয়ে পড়ছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, যেদিন চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্যরা কলকাতায় গিয়ে NCPI-তে যোগদান করছেন, কার্যত সেই সময়েই নিজেকে সংবাদমাধ্যমের আড়ালে রাখলেন চোপড়ার দাপুটে তৃণমূল নেতা তথা বিধায়ক হামিদুল রহমান।
এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে সংবাদমাধ্যমের কর্মীরা যোগাযোগ করলে তিনি বাড়িতে নেই বলে জানিয়ে দেওয়া হয়। যদিও সূত্রের দাবি, তিনি বাড়িতেই ছিলেন। পঞ্চায়েত সমিতির সদস্যদের দলবদল নিয়ে কোনও মন্তব্য করতেও রাজি হননি বিধায়ক।
একসময় চোপড়ার রাজনীতিতে কার্যত একচ্ছত্র আধিপত্য ছিল হামিদুল রহমানের। কিন্তু পরপর রাজনৈতিক সমীকরণের পরিবর্তন এবং দলের নেতাকর্মীদের একাংশের দলবদল তাঁর রাজনৈতিক অবস্থানকে কতটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তা নিয়েই এখন জোর আলোচনা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সভায় দেখা গিয়েছিল হামিদুল রহমানকে। এরপর কয়েক মাস কাটতে না কাটতেই আচমকা সংবাদমাধ্যমের কর্মীদের কাছে তিনি জানিয়ে দেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই রয়েছেন।
সেই অবস্থানের পর এবার চোপড়া পঞ্চায়েত সমিতির ১৯ জন সদস্যের NCPI-তে যোগদান নতুন করে রাজনৈতিক জল্পনার জন্ম দিয়েছে।
ইসলামপুর, গোয়ালপোখর-২-এর পর চোপড়াতেও তৃণমূলের সাংগঠনিক শক্তিতে এই ধাক্কা কি উত্তর দিনাজপুরে নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত? আর নিজের রাজনৈতিক গড়েই একের পর এক সদস্যের দলত্যাগের পর বিধায়ক হামিদুল রহমান কি ক্রমশ একা হয়ে পড়ছেন? আপাতত এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে জেলার রাজনৈতিক মহলে।
তৃণমূলের অন্দরে ভাঙন, নাকি নতুন রাজনৈতিক শক্তির উত্থান? চোপড়ার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
অন্যদিকে, তৃণমূলের ২০ বিদ্রোহী সাংসদের ভাগ্য নির্ধারণে এ বার স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষা।
তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া ২০ জন সাংসদের বিরুদ্ধে ১৯ জুন প্রথম লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানান লোকসভায় দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবিধানের দশম তফশিল অনুযায়ী তাঁদের সাংসদ পদ খারিজের দাবি জানায় তৃণমূল।
জবাব দেওয়ার জন্য স্পিকার এখনও পর্যন্ত পাঁচ বার সময়সীমা বাড়িয়েছেন। প্রথমে ১ সেপ্টেম্বর, পরে ২২ সেপ্টেম্বর, ৮ অক্টোবর, ২১ অক্টোবর ও ৩ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। শেষ বার সময় বাড়িয়ে ২৪ নভেম্বর চূড়ান্ত দিন ধার্য করা হয়েছিল।
২০ জন সাংসদই ব্যক্তিগত ভাবে লিখিত জবাব জমা দিয়েছেন। এ বার তাঁদের বক্তব্য ও নথি খতিয়ে দেখে সিদ্ধান্তের প্রক্রিয়া শুরু করবেন স্পিকার। দশম তফশিলের অধীনে দলত্যাগের অভিযোগ প্রমাণিত হলে তাঁদের সাংসদ পদ খারিজ হতে পারে।
অন্যদিকে, বিদ্রোহী সাংসদদের দাবি, তৃণমূলের লোকসভা সদস্যদের দুই-তৃতীয়াংশ তাঁদের সঙ্গে থাকায় সংবিধানের দশম তফশিলের দলত্যাগ বিরোধী আইন তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সেই যুক্তি গ্রহণ করলে সদস্যপদ বহাল থাকতে পারে। ফলে স্পিকারের সিদ্ধান্তের দিকেই নজর রাজনৈতিক মহলের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)