জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কি মহাকাশেও পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে রাশিয়া? জানা গিয়েছে, ২০২৬ সালের শেষের দিকে রাশিয়া পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠাতে পারে মহাকাশে। সংশ্লিষ্ট পক্ষের দাবি, ফাঁস হয়ে গিয়েছে বিরাট এই প্ল্যান। প্রকাশ করেছে জার্মানি মিডিয়া। আশঙ্কার কথা কানে আসতেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে জার্মান সরকার। পশ্চিমি গোয়েন্দা সংস্থাগুলির মূল্যায়নের ভিত্তিতে জার্মানির একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে পরে দাবি করা হয়েছে, রাশিয়ার তৈরি একটি উপগ্রহ ইতিমধ্যেই মস্কোতে রাখা রয়েছে, নাম 'স্পুটনিক-এস'। আগামী ৬০ দিনের মধ্যে তা মহাকাশে পাঠানো হতে পারে। এর পরই তা কার্যকর হয়ে উঠতে পারে।
মহাকাশে পরমাণু বিস্ফোরণ কি বৈধ?
উল্লেখ্য, ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি এবং ১৯৬৩ সালের পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র স্থাপন এবং মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানো নিষিদ্ধ। ফলে, রাশিয়া সত্যিই এমন কোনও পদক্ষেপ করলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন করা হবে। এদিকে, মহাকাশে সামরিক তৎপরতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে আমেরিকা ও ইউরোপের দেশগুলির মধ্যে। ন্যাটোর মহাসচিব জানিয়েছেন, মহাকাশের নিরাপত্তা-সহ প্রতিরক্ষা পরিস্থিতির উপর নজর রাখছে জোট। ন্যাটোর ভূখণ্ডের প্রতিটি অংশের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
আরও পড়ুন: চুলোয় যাক পরকীয়া, এনভিডিয়া সিইও-পদেই
বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা
এ অবশ্য নতুন নয়। এর আগেও মহাকাশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। ২০২৪ সালেই আমেরিকা অভিযোগ করেছিলেন, শত্রুপক্ষের উপগ্রহ ধ্বংস করতে মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানোর মতো অস্ত্র তৈরি করছে রাশিয়া। এমন বিস্ফোরণের ফলে তৈরি হতে পারে তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা EMP, যা আশপাশের উপগ্রহগুলির ইলেকট্রনিক ব্যবস্থা অকেজো করে দিতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, এর ফলে উপগ্রহ-নির্ভর যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হতে পারে।
ক্ষতিগ্রস্ত হতে পারে উপগ্রহ
চলতি বছরের শুরুতে প্রসঙ্গক্রমে জার্মান স্পেস কমান্ডের প্রধান অবশ্য মহাকাশে পরমাণু বিস্ফোরক মোতায়েনের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেননি। তিনি অদ্ভুত কথা বলেছিলেন। তিনি তখন জানিয়েছিলেন, কক্ষপথে পরমাণু বিস্ফোরণ ঘটলে নিম্ন-পৃথিবী কক্ষপথে থাকা এক-তৃতীয়াংশ পর্যন্ত উপগ্রহ ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং এর প্রভাব পড়তে পারে যোগাযোগ ও অন্যান্য উপগ্রহ-নির্ভর পরিষেবায়।
অভিযোগ উড়িয়ে দেয় রাশিয়া
রিপোর্টে বলা হয়েছে, জার্মানির গোয়েন্দা সংস্থা বিএনডি এবং সে দেশের সশস্ত্র বাহিনীর কাছে এই সংক্রান্ত তথ্য রয়েছে। কয়েক বছর আগেই তৈরি করা হয়েছিল উপগ্রহটি। জার্মানির গোয়েন্দা সংস্থার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রাশিয়া অবশ্য বলেছে, ওই রিপোর্টে একাধিক 'সম্ভাব্য' ও 'অভিযোগভিত্তিক' দাবি করা হয়েছে। সেগুলিকে গুরুত্ব দেওয়ার মতো কোনও কারণই নেই। বার্লিনে রুশ দূতাবাসও জানিয়েছে, এমন কোনও পরিকল্পনার কথা তাদের জানা নেই। খবরটিকে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে মস্কোর বক্তব্য, রাশিয়ার মহাকাশ কর্মসূচি আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হয় এবং তার উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)