পাশের পাড়ায় নয়, এবার নিজেদের পাড়াতেই অঞ্জলি! অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় মহিলাদের দুর্গাপুজো
Durga Puja 2026: পুজোর সময় স্থানীয় বাসিন্দাদের অঞ্জলি দিতে যেতে হত পাশের পাড়ায়। এবার সেই আক্ষেপ মুছে ফেলতে উদ্যোগী হয়েছেন এলাকার প্রায় ৮০-৮৫ জন মহিলা। বাগদিয়া মা মনসা সংঘ নারী শক্তি-র পরিচালনায় শুরু হচ্ছে দুর্গাপুজো। উদ্যোক্তাদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে পাওয়া টাকা থেকেই পুজোর খরচের একটি বড় অংশ জোগাড় করা হয়েছে।
বিশ্বজিত্ মিত্র: রাজ্যে পালাবদলের পর নারীশক্তির উদ্যোগ। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকায় এবার দুর্গাপুজো। দীর্ঘদিন ধরে পাড়ায় দুর্গাপুজো হয় না। ফলে পুজোর সময় অঞ্জলি দিতে যেতে হয় পাশের পাড়ায়। এবার সেই আক্ষেপ মুছে ফেলতে উদ্যোগী হলেন এলাকার মহিলারা।
নদিয়ার শান্তিপুর থানার বাগদিয়া এলাকায় প্রায় ৮০-৮৫ জন মহিলা মিলে শুরু করতে চলেছেন দুর্গাপুজো। তাঁদের উদ্যোগে এবার বাগদিয়া মা মনসা সংঘ নারী শক্তির পরিচালনায় পুজোর আয়োজন হতে চলেছে। উদ্যোক্তাদের দাবি, আগে লক্ষ্মীর ভাণ্ডারে দেড় হাজার টাকা পাওয়া যেত। রাজ্যে পালাবদলের পর অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা করে পাওয়া যাচ্ছে।
সেই টাকা থেকেই এবার পুজোর খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন এলাকার মহিলারা। প্রায় দেড় লক্ষ টাকা বাজেট। মহিলাদের কথায়, বাগদিয়ায় দীর্ঘদিন ধরেই বড় করে মনসা পুজোর আয়োজন করা হয়। ফলে আলাদা করে দুর্গাপুজোর জন্য অর্থ জোগাড় করা সম্ভব হয়ে উঠত না। তাই এবার এলাকার মহিলারা নিজেরাই উদ্যোগ নিয়ে পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন।
তাঁদের দাবি, এটি শুধু দুর্গাপুজো নয়, এলাকার মহিলাদের একত্রিত হয়ে নতুন কিছু করারও একটি প্রচেষ্টা।স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, এবছর শুরু হলেও আগামী দিনে ধারাবাহিকভাবে এই পুজো চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তাঁদের। নারীশক্তির হাত ধরে দীর্ঘদিন পর পাড়ায় দুর্গাপুজো শুরু হওয়ায় ইতিমধ্যেই এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)