ভারত-নিউ জিল্যান্ড সিরিজের মাঝেই জার্সি সামনে! টি-২০ ফরম্যাটেই অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ
টুর্নামেন্টে বিভিন্ন অঞ্চলের প্রবীণ ক্রিকেটাররা একত্রিত হবেন বলেই আশা করা হচ্ছে। তাঁদের জন্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার এবং সতীর্থদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এবং ভারতীয় ক্রিকেটে তাঁদের দীর্ঘস্থায়ী অবদানকে উদ্যাপন করার একটি সুযোগ তৈরি করবে।
অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: বোর্ড অফ ভেটেরান ক্রিকেট ইন্ডিয়ার (বিভিসিআই) তত্ত্বাবধানে ভেটেরান ক্রিকেট বেঙ্গল অ্যাসোসিয়েশন বিরাট ঘোষণা করে দিল। আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ টুর্নামেন্ট। কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে টুর্নামেন্টের জার্সিও উন্মোচিত হয়েছে। দেশের প্রবীণ ক্রিকেটারদের জন্য এক মঞ্চ তৈরি করাই এই টুর্নামেন্টের লক্ষ্য, যেখানে তাঁরা খেলার প্রতি নিজেদের ভালোবাসা বজায় রাখার পাশাপাশি ক্রীড়াসুলভ মনোভাব, শারীরিক সক্ষমতা ও পারস্পরিক সৌহার্দ্যকে উৎসাহিত করতে পারবেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিসিআইয়ের সচিব সুধীর কুলকার্নি। যিনি অতীতে রেস্ট অফ ইন্ডিয়া দলের হয়ে ইরানি ট্রফি খেলেছেন এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কিরণ মোরের কোচও ছিলেন। বিভিসিআইয়ের যুগ্ম সচিব ও রাজস্থান ভেটেরান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডক্টর সুনীল ঝা; এবং হাইকোর্ট ক্লাবের সচিব ও ভিসবিএ-র সদস্য একে উপাধ্যায়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুধীর কুলকার্নি বলেন, 'অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ টুর্নামেন্ট প্রবীণ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং অভিজ্ঞ ক্রিকেটারদের খেলার প্রতি অবিচল ভালোবাসা ও নিষ্ঠাকে স্বীকৃতি দেওয়ার একট গুরুত্বপূর্ণ উদ্যোগ। ক্রিকেট কেবল একটি খেলাই নয়, যা আজীবন লালন করা এক আবেগ, যা বিভিন্ন প্রজন্মের মানুষকে একত্রিত করে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রবীণ খেলোয়াড়দের এমন এক প্রতিযোগিতামূলক মঞ্চ দিতে চাই, যেখানে তাঁরা নিজেদের দক্ষতা প্রদর্শন করতে পারবেন, খেলার মানসিকতা বজায় রাখতে পারবেন এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারবেন। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিক জার্সি উন্মোচন একটি অত্যন্ত আনন্দদায়ক মাইলফলক।'
আরও পড়ুন: কালীপুজোর পরেই ফুটবলের মক্কায় 'দানবে'র পা! পেলে-মারাদোনা-মেসির পর এবার কলকাতায় তিনিও
বিভিসিআই-ইন্ডিয়া: প্রায় তিন দশকের যাত্রা
এই টুর্নামেন্ট বিভিসিআই-এর যাত্রায় আরও একটি মাইলফলক। ১৯৯৮ সালে দিল্লিতে প্রয়াত ভারতীয় ক্রিকেটার ও প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী চেতন চৌহানের নেতৃত্বে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে বিভিসিআইয়ের সারা দেশে তার নেটওয়ার্ক বিস্তার করেছে। শুরুতে কেরল, কর্ণাটক, হায়দরাবাদ, বদোদরা, গুজরাত এবং রাজস্থানে ছয়টি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল। ২০০৫-০৬ সালে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কাকে নিয়ে দুবাইতে আয়োজিত এক ত্রিদেশীয় সিরিজে ভারতীয় দল অংশগ্রহণ করে। এরপর ২০০৭-০৮ সালেও এই তিন দেশকে নিয়ে আরও একটি ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হয়। ২০০৯ সাল থেকে বিভিসিআইয়ের ব্যানারে ১৪টি অ্যাসোসিয়েশন যুক্ত হয়। বর্তমানে সারা দেশ জুড়ে এই সংস্থার ১৬টি অ্যাসোসিয়েশন রয়েছে, যা ভেটেরান ক্রিকেটের ধারাবাহিক প্রসার এবং এই খেলার সঙ্গে যুক্ত বৃহত্তর জনগোষ্ঠীর সক্রিয়তাকে তুলে ধরে। বিভিসিআই জোনাল টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে একটি রোটেশনল পদ্ধতিতে হয়। যেখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন পর্যায়ক্রমে প্রতিযোগিতার আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে। বার্ষিক সাধারণ সভার মাধ্যমে টুর্নামেন্টের বার্ষিক ক্যালেন্ডার নির্ধারণ করা হয়। ২০২৫-২৬ মরসুমের জন্য, জোনাল টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স-আপ দলগুলিকে কলকাতায় আয়োজিত আসন্ন জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নির্বাচন করা হয়েছে। এই টুর্নামেন্টে সারা দেশ থেকে প্রবীণ ক্রিকেটাররা একত্রিত হবেন, যার মধ্যে পাঁচ-দলীয় রেটেড ক্যাটাগরিতে স্বীকৃত দলগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। টুর্নামেন্টটিকে মহিমান্বিত করার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যুব পরিষেবা ও ক্রীড়া দফতরের মাননীয় মন্ত্রী ড. ইন্দ্রনীল খানকে পৃষ্ঠপোষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: 'ওরা ওকে দলে নিতেই চায় না'... ১৮ সেঞ্চুরি+ ৭০.৬৭ গড়ের ব্রাত্য নক্ষত্রকে নিয়ে বিস্ফোরক মহারথী
টুর্নামেন্টের বিন্যাস ও সময়সূচি
অল ইন্ডিয়া ন্যাশনাল ক্রিকেট লিগ টুর্নামেন্টে টি-২০ ম্যাচগুলি কয়েক দিন ধরে অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে।
প্রথম দিন
সকাল ৯:০০টা – পশ্চিমবঙ্গ বনাম তামিলনাড়ু
দুপুর ১:০০টা – অন্ধ্রপ্রদেশ বনাম মধ্যপ্রদেশ
বিকাল ৪:০০টা – তামিলনাড়ু বনাম গুজরাত
সন্ধ্যা ৭:০০টা – মধ্যপ্রদেশ বনাম ভদোদরা
দ্বিতীয় দিন
সকাল ৯:০০টা – পশ্চিমবঙ্গ বনাম গুজরাত
দুপুর ১:০০টা – ভাদোদরা বনাম অন্ধ্রপ্রদেশ
ফাইনাল
'এ’ গ্রুপ বনাম ‘বি’ গ্রুপ
পুরস্কার বিতরণী: ফাইনাল ম্যাচের দিন সন্ধ্যা ৭:০০টায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)