সচিনের থেকে কখনই এগিয়ে নয় কোহলি! অকাট যুক্তি অশ্বিনের, কে খণ্ডাবে 'ক্রিকেট প্রফেসর'কে!
Sachin Tendulkar or Virat Kohli: সচিন না কোহলি? কে এগিয়ে? যাবতীয় তুলনা এবার থামিয়ে দিলেন আর অশ্বিন। বুঝিয়ে দিলেন কেন ক্রিকেট 'দেবতা' সবার আগে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর আর 'গ্রেটেস্ট অফ অল টাইম' বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট ভক্তদের এখন ফের চর্চার বিষয় GOD vs GOAT! কে এগিয়ে? এবার যাবতীয় আলোচনা থামিয়ে দিলেন ভারতের প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দুই প্রজন্মের দুই সর্বকালের সেরাদের মধ্যে তুলনার কোনও জায়গা নেই বলেই সাফ জানিয়ে দিলেন অশ্বিন। খেলার প্রতি অত্যন্ত বিশ্লেষণাত্মক ও গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গির জন্য়ই যিনি পরিচিত ক্রিকেটের 'প্রফেসর' হিসেবে। গত রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের ৮৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন বিরাট। আর তারপরেই আবার নতুন করে মাস্টারব্লাস্টারের সঙ্গে চেজমাস্টারের তুলনা চলছে। নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময়ে অশ্বিন জানিয়েছেন যে, ভিন্ন প্রজন্মের এই দুই মহান ব্যাটারের মধ্যে তুলনা করা উচিত নয়। তিনি জানিয়েছেন যে, সচিন সম্পূর্ণ ভিন্ন এক যুগে খেলেছিলেন, যখন খেলার পরিস্থিতি বা পরিবেশ আজকের তুলনায় ব্যাটিংয়ের জন্য অনেক প্রতিকৃল ছিল।
বিরাট বনাম সচিন
অশ্বিন বলেন, 'আমি সবসময়ে জোর দিয়েই বলব যে, দু'টি কারণে সচিন তেন্ডুলকর এগিয়ে আছেন। প্রথমত, আমি তাঁর বিরাট ভক্ত। এছাড়া তাঁর খেলার ধরন, কেরিয়ারের বিভিন্ন পরিস্থিতি এবং ভারতীয় ক্রিকেটের প্রত্যাশা—সবকিছুই এর নেপথ্যে রয়েছে। এতে যদিও বিরাট কোহলির কোনও দোষ নেই। যে কোনও প্রজন্মের হয়েই বিরাট যদি ভারতের হয়ে ৩ নম্বরে ব্যাট করত, তবে সে একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়ই হত। এই নিয়ে আমার কোনও সন্দেহ নেই। তবে ক্রিকেটের নিয়মগুলির দিকে যদি তাকান, তাহলে এমনকী গত রবিরার ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথম ইনিংসে ব্যাট করছিল, তখন ৩৪ ওভারের পর একটি বলই ব্যবহার করা হয়েছিল। দিনের আলোয় বলটি পুরোপুরি পুরনো হয়ে গিয়েছিল। সচিন দিনের আলোয় প্রচুর ৫০ ওভারের ক্রিকেট খেলেছে। আর আমার দৃষ্টিতে, দুই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে তুলনা করা একেবারেই অনুচিত।' কোহলির সঙ্গে নিজের সম্পর্কের বিষয়েও কথা বলেন অশ্বিন। তিনি জানান যে গত চার-পাঁচ বছরে তাঁদের মধ্যের বন্ধন আরও দৃঢ় হয়েছে। তিনি আরও বলেন, কোহলি যদি শেষ পর্যন্ত সচিনের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ড ভেঙে ফেলেন, তবে তিনি এই দুই কিংবদন্তিকে সমান মর্যাদার আসনে বিবেচনা করবেন। অশ্বিনের সংযোজন, 'কোহলির সঙ্গে আমার সম্পর্ক গত পাঁচ-ছয়-সাত বছরে আরও ভালো হয়েছে। সম্পর্ক সত্যিই উন্নত হয়েছে। যুক্তি অনুযায়ী কোহলি ১০০ সেঞ্চুরি করতেই পারে। তবে সে যদি সত্যিই তা করে দেখাতে পারে—তবে আমি ওকে কুর্নিশ করব। তা হবে এক অসাধারণ অর্জন। আমার কথা লিখে রাখুন, এটি সত্যিই এক অসাধারণ সাফল্য হবে। সে যদি তা করে, আর তখন যদি সচিন ও বিরাটকে নিয়ে একই প্রশ্ন করা হয়, তবে আমি নিঃসন্দেহে বলব যে তারা দু'জনেই একই উচ্চতায় অবস্থান করছে।'
অশ্বিন বুঝিয়েই দিলেন যে, কোহলি শততম সেঞ্চুরি করলেই তাঁকে তিনি সচিনের আসনে বসাবেন...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)