WATCH: বাস থেকে পড়ে গেলেন রোহিত শর্মা! আদৌ আর খেলতে পারবেন? কেমন আছেন হিটম্যান?
Rohit Sharma: দ্বিতীয় ওডিআইয়ের আগেই বিরাট বিপত্তি! বাস থেকে পা পিছলে পড়ে গেলেন রোহিত শর্মা! আদৌ আর খেলতে পারবেন তিনি? কেমন আছেন হিটম্যান?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সীমিত ওভারের সিরিজ (৩ ওডিআই ও ৫ টি২০আই) খেলছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। গত রবিবার ২৭ সেপ্টেম্বর ওডিআই সিরিজের শুভারম্ভ হয়েছিল তিরুঅনন্তপুরমে। প্রথম ওডিআইয়ে বিরাট কোহলি (৮৮ বলে অপরাজিত ১৩৯ রান) ও শুভমন গিলের (১০৮ বলে ১১০ রান) ব্য়াট শাসনে ভারত ৮ উইকেটে জিতেই দারুণ শুরু করেছে। টিম ইন্ডিয়ার নক্ষত্র ওপেনার রোহিত শর্মা ৩৫ বলে ৩২ রান করে ফিরেছিলেন। আগামীকাল ৩০ সেপ্টেম্বর গুয়াহাটির বর্ষপাড়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওডিআই রয়েছে। আর তার আগেই রোহিতকে নিয়ে বড় খবর চলে এল। টিম বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে বাসের সামনে থাকা পুলিস ও হোটেলের কর্মীরা ছুটে এসে রোহিতকে তুলে ধরেন। হোটেলের লবিতে প্রতীক্ষারত বিরাটও এই ঘটনা দেখে চমকে যান!
চোটের পর রোহিত কেমন আছেন?
রোহিত যেভাবে পড়ে যাওয়ার পর হেঁটে হোটেলে ঢুকে যান, তা দেখে বোঝাই গিয়েছিল যে, তাঁর চোট তেমন গুরুতর নয়। তিনি সুস্থই আছেন। মনে করা হচ্ছে যে, গুয়াহাটিতে তাঁর খেলতে কোনও সমস্যা হবে না। এই ঘটনার ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মুক্কু নামের এক এক্স হ্য়ান্ডেল ইউজার ঘটনার ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'বাস থেকে পা পিছলে পড়ে যান রোহিত শর্মা! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই জয়ের পর হোটেলে ফেরার পথে, টিম বাসের স্টেয়ারে পা পিছলে বাজে ভাবে পড়ে যান রোহিত শর্মা। সবাই যখন ভারতের জয় উদযাপন করছিলেন, তখন রোহিতের অবস্থা দেখে বিরাট কোহলি হতবাক হয়ে যান।'
রোহিতকে নিয়ে চর্চা শুরু হয়েছে
প্রথম ওডিআইতে রোহিতের ব্যাট কিন্তু কথা বলেনি। তিন ছক্কায় ৩৫ বলে ৩২ রানের ইনিংস সাজান তিনি। বেশ কিছুক্ষণ ক্রিজে কাটিয়ে সেট হয়ে গিয়েছিলেন হিটম্যান। কিন্তু পরে আলজারি জোসেফের বল ফ্লিক করতে গিয়ে মিসটাইমড হয়ে ডিপ মিডউইকেটে জুয়েল অ্যান্ড্রিউয়ের হাতে ধরা পড়ে যান। রোহিতের ব্যাটিং নিয়ে ইতোমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে। ফলে গুয়াহাটিতে রোহিতের দিকে আরও বেশি নজর থাকবে। টেস্ট এবং টি-২০ আই ছেড়ে দেওয়া রোহিত এখন ওডিআই খেলেন। ২০২৭ বিশ্বকাপের দলে নিজের জায়গা ধরে রাখার লড়াইয়ে রোহিতের প্রতিটি ইনিংসই এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোহিত যদি পরপর বড় রান করতে ব্য়র্থ হন, তাহলে তাঁকে নিয়ে কিন্তু প্রশ্ন আরও জোরালো হবে। তবে রোহিত যদি পরের দুই ইনিংসে বড় রান করতে পারেন, তাহলে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে তাঁর জায়গা শক্তই থাকবে। তাই দ্বিতীয় ওডিআই রোহিতের জন্য নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)