VIDEO: বয়সকে হারিয়ে 'উড়ন্ত' হিটম্যানের অবিশ্বাস্য রানআউট! একহাতে ক্যাচ নিয়ে 'বাজপাখি' বিরাটের ধনুর্বাণ উদযাপন
একজনের বয়স ৩৯ বছর, আরেকজনের বয়স ৩৭ বছর! কিন্তু কে বলবে তাঁদের ফিল্ডিং দেখলে! দেখুন বিরাট-রোহিত কী কাণ্ডটাই না ঘটালেন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ওডিআই চলছে অকল্যান্ডে। ৪ নভেম্বর, বুধবার ইডেন পার্কে অর্শদীপ সিং ও গুরনূর ব্রারের জোড়া পেস ফলায় মিচেল স্যান্টনাররা ৫০ ওভারে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গিয়েছে! অর্শদীপ তুলে নিয়েছেন চার উইকেট, ব্রারের ঝুলিতে এসেছে তিন উইকেট। আরেক পেসার অনশুল কম্বোজও তুলে নিয়েছেন ২ উইকেট। পেসারদের সম্মিলিত প্রয়াসেই এসেছে ৯ উইকেট। ভারতের দুর্দান্ত বোলিংয়ে পাশাপাশি এদিন প্রশংসা করতে হবে ফিল্ডিংয়েরও। আর যে দু'জন চোখ ধাঁধানো ফিল্ডিংয়ে নজর কাড়লেন, তাঁরা দলের সবচেয়ে সিনিয়র দুই মহারথী। একজনের বয়স ৩৯ বছর, আরেকজন আগামিকাল ৩৮ বছরে পা দেবে। দু'জনেই প্রায় চল্লিশের কোঠায়। ঠিকই ধরেছেন কথা হচ্ছে দেশের দুই সুপারস্টার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে।
অবিশ্বাস্য রোহিতের ফিটনেস!
রোহিতের বয়স হয়তো ৩৯ বছর হতে পারে, কিন্তু মাঠে তিনি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েই চলেছেন। শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিংয়ের ক্ষেত্রেও। নিজের সেরা সময়ে ভারতের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে বিবেচিত রোহিত এদিন ফিটনেসের চমৎকার নিদর্শন দেখিয়েছেন। ডাইভ দিয়ে রান-আউট করে তিনি ড্যারেল মিচেলকে সাজঘরে ফিরিয়েছেন। শর্ট মিড-উইকেট থেকে বল সংগ্রহ করে রোহিত সরাসরি ব্যাটার প্রান্তের স্টাম্প লক্ষ্য করে ছুড়ে দেন, আর ফিনিশিং টাচ দেন উইকেটকিপার লোকেশ রাহুলকে। ২২ ওভারে অক্ষর প্যাটেলের বলেই রোহিত-রাহুলের দুরন্ত যুগলবন্দিতে ফেরেন মিচেল। চারে নেমে ৪১ বলে ২৮ রান করেছেন তিনি।
কোহলি আছেন কোহলিতেই
কোহলি ৩৭ বছর বয়সেও ফিটনেসের নতুন বেঞ্চমার্ক তৈরি করে চলেছেন। এদিন অংশুল কাম্বোজের বলে স্লিপে দাঁড়িয়ে অসাধারণ ক্যাচ নেন কোহলি। ম্যাচের ২৯ তম ওভারের ঘটনা। কাম্বোজের বলে খোঁচা দিয়েছিলেন নাথান স্মিথ স্মিথ। কোহলি ছিলেন স্লিপে। বল মাটি ছোঁয়ার আগেই ডানদিকে ঝাঁপিয়ে বাজপাখির মতো ছোঁ মেরে বল তুলে নেন। মাঠের আম্পায়ার থার্ড আম্পায়ারের পরামর্শ নিয়েই আউটের সিদ্ধান্ত দেন। এরপর কোহলির ‘ধনুর্বাণ’ সেলিব্রেশনও ভাইরাল হয়ে যায়। ভারতীয় ক্রিকেটের এই মহানায়কও উৎসবের আমেজে মেতে ওঠেন। বিরাট-রোহিত বারবার বুঝিয়ে দেন যে, বয়স শুধুই সংখ্যা। মনের খিদে আর খেলার তাগিদেই তাঁরা অসম্ভবকে সম্ভব করেন তুড়ি মেরে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)