বাবরদের চরম পরিণতি! খেলা দেখাতে কেউ আগ্রহী নয়! PCB হাফ দামে বেচল ২৫ ম্য়াচের সম্প্রচার স্বত্ব
বাবরদের চরম পরিণতি হল! সেই দেশে তাদের খেলা দেখাতে কেউই আজ আর আগ্রহী নয়! PCB বাধ্য হয়ে হাফ দামে বেচল ২৫ ম্য়াচের সম্প্রচার স্বত্ব
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তান ক্রিকেট নিয়ে এমনিও এখন আর বলার মতো কিছু থাকে না। সেই দেশটার মতোই ক্রিকেটেরও হতদরিদ্র অবস্থা। আর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের আসন্ন ২৫টি আন্তর্জাতিক হোম ম্যাচের সম্প্রচার স্বত্ব নির্ধারিত মূল্যের প্রায় অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছে! সেই দেশের একমাত্র রাষ্ট্রীয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান পিটিভি-ই দরপত্র দিয়েছিল। জানা যাচ্ছে যে, পিসিবি কিছুদিন আগেই সম্প্রচার স্বত্বের জন্য একটি দরপত্র আহ্বান করেছিল এবং তাতে একটি ন্যূনতম মূল্য (রিজার্ভ প্রাইস) নির্ধারণ করে দিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ের মতো এবার আগ্রহী পক্ষগুলিকে জোটবদ্ধ হয়ে দর প্রস্তাব করার সুযোগ দেওয়া হয়নি। জোটবদ্ধ হয়ে দর প্রস্তাবের সুযোগ না থাকায়, পিটিভি মাত্র ৩৫০ মিলিয়ন রুপিরও ( ভারতীয় মুদ্রায় ১২.২ কোটি ভারতীয় টাকা) কম দর দিয়ে সম্প্রচার স্বত্ব পেয়েছে! যা বোর্ডের নির্ধারিত ৬০০ মিলিয়ন রুপি (ভারতীয় মুদ্রায় ২০.৯ কোটি টাকা) তুলনায় অনেক কম। সম্প্রচার সংক্রান্ত এই নতুন চুক্তির আওতায় ২৫টি হোম ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। যার মধ্যে পাঁচটি টেস্ট, ১৪টি ওডিআই এবং ছ'টি টি-টোয়েন্টিআই ম্যাচ রয়েছে। চলতি মাসেই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টিআই ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের। এরপর ইংল্যান্ডকে নিয়ে সাত ম্যাচের একটি ত্রিদেশীয় ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দু'টি টেস্ট হওয়ার কথা রয়েছে।
সূত্রের খবর, 'সমস্যা হল সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পারফরম্যান্স আশানুরূপ নয়, আর তাই স্পনসর ও বিজ্ঞাপনদাতারা আপাতত খেলার বিষয়ে আগ্রহী নয়।' সূত্র আরও জানাচ্ছে, কনসোর্টিয়াম বা জোট হিসেবে করা আগের চুক্তির সুবাদে অন্তত তিনটি সম্প্রচারকারী প্রতিষ্ঠানের কাছে বোর্ডের এখনও অর্থ পাওনা থাকায় আগ্রহী দরদাতার সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে গিয়েছে। অর্থ বকেয়া থাকা সত্ত্বেও এই সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলিকে দর প্রক্রিয়ায় অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়নি। বরং তারা নিজেরাই এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের সংযোজন, 'অতীতে পাকিস্তান ক্রিকেটের সম্প্রচার স্বত্বের বড় অংশ কিনেছিল এমন একটি কোম্পানিও এবার কোনও আগ্রহ দেখায়নি।' আপাতত পিসিবি যেসব সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে তার মধ্যে রয়েছে ২০২৭ সালের জানুয়ারিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ এবং এরপর আয়ারল্যান্ড ও জিম্বাবোয়েকে নিয়ে একটি সাত ম্যাচের ত্রিদেশীয় সিরিজ। বর্তমান পরিস্থিতিতে জিম্বাবোয়ে ইঙ্গিত দিয়েছে যে, তাদের বোর্ডের অভ্যন্তরীণ সমস্যার কারণে পাকিস্তান সফরে আসা তাদের পক্ষে সম্ভব নয়। এমনকী চলতি বছরের শুরুর দিকে দু'টি নতুন দল নিয়ে পাকিস্তান সুপার লিগের ১১তম আসর অনুষ্ঠিত হওয়ার সময়ও সম্প্রচার স্বত্বের জন্য পিসিবি আশানুরূপ সাড়া পায়নি। বস্তুত, গত বছর পিএসএল-এর সম্প্রচার স্বত্ব কেনা একটি প্রতিষ্ঠানের কাছে বোর্ডের এখনো বিপুল পরিমাণ অর্থ পাওনা রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)