SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

নীরজ আর নেই! দেশের 'সোনার' ছেলের রহস্যমৃত্যু, কোচ বলছেন, 'ও প্রচণ্ড মানসিক চাপে ছিল'...

কেউ ভাবতেই পারছেন না! চলে গেলেন নীরজ। দেশের 'সোনার' ছেলের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য়! কোচ বলছেন 'ও প্রচণ্ড মানসিক চাপে ছিল'...

Written By Subhapam Saha
Published: Oct 28, 2026, 01:52 PM IST | Updated: Oct 28, 2026, 02:09 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই অ্যাথলেটিক্স দুনিয়ায় নেমে এল আঁধার! তিনবারের এশিয়ান প্যারা গেমসে সোনাজয়ী নীরজ যাদব আর নেই! গত মঙ্গলবার রাতেই  আত্মহত্য়া করেছেন দেশের কৃতী অ্যাথলিট! নীরজের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতীয় প্যারা অ্যাথলেটিক্স দলের হেড কোচ সত্যনারায়ণ! এক মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এফ৫৫ ক্যাটেগরির প্যারা অ্যাথলিট নীরজ বিষ খেয়েছেন বলেই সন্দেহ করা হচ্ছে। দেশের 'সোনার' ছেলের রহস্যমৃত্যু! ৪২ বছর বয়সী ক্রীড়াবিদ মূলত জ্যাভলিন থ্রোয়ার হলেও, ডিসকাস থ্রো এবং শটপুট ইভেন্টেও অংশ নিয়েছেন। নীরজের দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। নীরজ ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিনে স্বর্ণপদক জিতেছিলেন এবং ২০২৩ সালে হাংঝৌতেও সেই শিরোপা ধরে রাখেন তিনি। এর আগের আসরে তিনি ডিসকাস থ্রোয়ে সোনা জিতেছিলেন করেছিলেন। তবে  হাংঝৌতে নিষিদ্ধ পদার্থ গ্রহণের দায়ে এশিয়ান প্যারালিম্পিক্স কমিটি তাঁর জেতা দু'টি স্বর্ণপদক কেড়েও নেয়। এর ফলে, তিনি সরকারের পক্ষ থেকে দেওয়া আর্থিক পুরস্কার পাওয়ার যোগ্যও বিবেচিত হননি।

আরও পড়ুন: কালীপুজোর পরেই ফুটবলের মক্কায় 'দানবে'র পা! পেলে-মারাদোনা-মেসির পর এবার কলকাতায় তিনিও

কী বলছেন নীরজের কোচ?

সত্যনারায়ণ বলছেন, 'ডোপিং সংক্রান্ত ঘটনার পর নীরজ প্রচণ্ড মানসিক চাপে ছিল। চার বছরের নিষেধাজ্ঞার সাজা ভোগ করেছে। কয়েক মাস আগে ও আমার সঙ্গে যোগাযোগ করে এবং আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসের বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ আছে কি না, তা জানতে চেয়েছিল। আমি ওকে জানিয়ে দিই যে, এটি সম্ভব নয়, কারণ তখনও ওর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে কয়েক মাস বাকি ছিল। হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে জোড়া সোনা জেতার পর নীরজ উত্তর প্রদেশে ক্লাস ওয়ান সরকারি চাকরি পাওয়ার যোগ্য হয়ে উঠেছিল, যা তার জীবনযাত্রার মান উন্নত করতে পারত। তার ৩ কোটি টাকারও বেশি অর্থ পাওয়ার কথা ছিল এবং সেই সঙ্গে একটি প্রথম শ্রেণির চাকরিও পাওয়ার কথা ছিল। তার সমসাময়িক অন্যরা সবাই চাকরি পেয়ে গিয়েছে।'

ডোপিংয়ের নিষেধাজ্ঞার ধ্বংসাত্মক পরিণতি

সত্যনারায়ণ জানান, ডোপিং সংক্রান্ত প্রক্রিয়ার জেরে সোনা কেড়ে নেওয়ায় নীরজ নগদ অর্থ পুরস্কার পাওয়ার সুযোগ হারিয়েছিলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা প্রক্রিয়ার সূত্রপাত হয় ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির (নাডা) মাধ্যমে; এরপর বিষয়টি ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) কাছে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত এশিয়ান প্যারালিম্পিক্স কমিটি পদক্ষেপ গ্রহণ করে। তিনি আরও জানান, পুরো প্রক্রিয়ায় যে বিলম্ব হয়েছিল, তা মূলত আপিল প্রক্রিয়ার কারণে। যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করে সত্যনারায়ণ বলেন, ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না। তিনি বলেন, 'আমি সুনির্দিষ্ট কারণ নিয়ে অনুমান করতে চাই না, তবে নীরজ বিভিন্ন কারণে মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। এর মধ্যে এক ছিল জোড়া সোনা হারানোর ধাক্কা, দ্বিতীয় হল নগদ অর্থ পুরস্কার না পাওয়া, আর তৃতীয় ছিল তার কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা।' তিনি আরও বলেন, 'নীরজ নিশ্চিত ভাবেই বিষ খেয়েছে। তবে ঠিক কী ধরনের বিষ ও নিয়েছিল তা ময়নাতদন্তের পরই জানা যাবে। তবে এটা ১০০ ভাগ নিশ্চিত যে বিষপান করেছে!  এমনকী ওর শরীরের রঙ কিছুটা বদলে গিয়েছিল। আমি বুঝতে পারছি না কেন ও এমন চরম পথ বেছে নিল, অথচ প্যারা-অ্যাথলিটদের জীবিকা অর্জনের অনেক সুযোগ রয়েছে। ও চাইলে কোচ হতে পারত। ৪০ বছর আগের তুলনায় এখন প্যারা-অ্যাথলিটদের পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। তাছাড়া ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে সোনা জেতার জন্য ও বেশ ভালো অঙ্কের পুরস্কারও পেয়েছিল।' নীরজের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসার অপেক্ষায় সকলেই...


আরও পড়ুন: ১৬ বছর একই ফ্র্যাঞ্চাইজিতে, এবার পেলেন বিরাট প্রমোশন, কোচের হটসিটে নক্ষত্র অলরাউন্ডার

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

ZEENEWS TRENDING STORIES