দীপাবলিতে মোহনবাগান সমর্থকদের দুর্দান্ত উপহার! বিশেষ ঘোষণায় সবার হৃদয় জিতলেন সঞ্জীব গোয়েঙ্কা
আন্তর্জাতিক বিরতির আগে আগামী ৫ নভেম্বর নিজেদের শেষ ম্যাচ খেলছে মোহনবাগান। যুবভারতীতে ওড়িশার মুখোমুখি হতে চলেছে মেরিনার্স।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়ের হ্যাটট্রিকে মোহনবাগান সুপার জায়ান্ট এখন আইএসএলে শীর্ষে। গত শনিবার যুবভারতীতে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-১ জয় ছিনিয়ে নিয়েছেন দেজান দ্রাদিজরা। চার ম্যাচে দিলিমপেরিসের দল তিন জয়ের সুবাদে ৯ পয়েন্ট তুলে চলে গিয়েছে মগডালে। স্বভাবতই খুশি এমবিএসজি চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। আর এই আনন্দেই তিনি দীপাবলিতে মোহনবাগান সমর্থকদের বিরাট উপহার দিলেন। আগামী ৫ নভেম্বর যুবভারতীতে মোহনবাগান খেলতে ওড়িশা এফসি-র বিরুদ্ধে। আর সেই ম্য়াচে প্রত্যেক সমর্থককে দু'টি করে জেনারেল টিকিট বিনামূল্যে দেওয়া হবে। দিওয়ালি উদযাপনের অংশ হিসেবেই এই বিশেষ উপহার গোয়েঙ্কার। আন্তর্জাতিক বিরতির আগে ওড়িশার বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে নামছেন শুভাশিস বোসরা। স্বভাবতই জয়ের ধারায় থাকতে চাইবে টিম। যেহেতু সমর্থকরা বিনা পয়সায় টিকিট পাবেন, সেহেতু ধরে নেওয়াই যায় যে, একেবারে ভরা স্টেডিয়ামেই খেলবে মোহনবাগান
আরও পড়ুন: ভারতের প্রথম মহিলা হিসেবে কুস্তিতে বিশ্বজয় মনীষার! আমেরিকানকে ফাইনালে হারিয়ে সোনার ইতিহাস
গোয়েঙ্ককে উদ্ধৃতি করে মোহনবাগান ফেসবুকে লিখেছে
'দীপাবলি হল আনন্দ ছড়িয়ে দেওয়ার, খুশি ভাগ করে নেওয়ার এবং সেই বন্ধনগুলিকে উদযাপন করার সময়, যা প্রতিটি উপলক্ষকে বিশেষ করে তোলে। উৎসবের এই মরসুমে আমরা আমাদের প্রিয় সমর্থকদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি। আমাদের কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে, প্রত্যেক সমর্থক ওড়িশা এফসি-র বিরুদ্ধে আমাদের আসন্ন হোম ম্যাচের জন্য ২টি করে ফ্রি জেনারেল টিকিট পাবেন। আপনারা, আমাদের ভক্তরাই, সর্বদা মোহনবাগান সুপার জায়ান্টের চালিকাশক্তি। ক্লাবের প্রতি আপনাদের অটল আবেগ, আনুগত্য এবং ভালোবাসা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। এই উদ্যোগট আপনাদের অবদানের প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতার এক ছোট্ট প্রয়াস। উৎসবের এই আমেজে আসুন আমরা আবারও একত্রিত হই, আমাদের হোম গ্রাউন্ডকে সবুজ-মেরুন রঙে রাঙিয়ে তুলি এবং পরের ম্যাচটিকে এক স্মরণীয় উৎসবে পরিণত করি। আপনাকে ও আপনার প্রিয়জনদের দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা—আপনার জীবন আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক!' এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় গোয়েঙ্কাকে সমর্থকরা ‘ধন্যবাদ’ দিয়ে ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন: ৯৮৫ গোল করলেন রোনাল্ডো, ১০০০ ছুঁতে বাকি আর ১৫! ৪১ বছরেও হ্যাটট্রিকের আগুন
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)