কালীপুজোর পরেই ফুটবলের মক্কায় 'দানবে'র পা! পেলে-মারাদোনা-মেসির পর এবার কলকাতায় তিনিও
ফুটবলের মক্কা কলকাতায় কে না এসেছেন! আর এবার আসছেন সেই কিংবদন্তি! উত্তেজনায় ফুটছেন ফুটবলভক্তরা
অর্কদীপ্ত মুখোপাধ্য়ায়: ফুটবলের মক্কা কলকাতা। মোহিত করে এখানকার ফুটবলের ইতিহাস। কে না এসেছেন এখানে! পেলে-মারাদোনা-মেসি থেকে শুরু করে লেভ ইয়াশিন, অলিভার কান, রোনাল্ডিনহো, কাফু, এমিলিয়ানো মার্টিনেজরা। এই শহর দেখেছে ববি মুর, ইউসেবিও, রজার মিলা, দিয়েগো ফোরলান, এবং থমাস মুলারদের। আর এবার ফুটবল-আবেগের 'সিটি অফ জয়'তে আসছেন ব্রাজিলের বিশ্বকাপার ও ইন্টার মিলানের ট্রেবল জয়ের অন্যতম কারিগর মাইকন ডগলাস সিসেনান্দো ওরফে 'ইল কোলোসো'। কিছুদিন আগেই ব্রাজিল ও উরুগুয়ের মতো দুর্দান্ত দল কলকাতায় আন্তর্জাতিক প্রীত ম্য়াচ খেলে গিয়েছে। আর সেই রেশ কাটতে না কাটতেই শহরে পা রাখছেন ব্রাজিলিয়ান মাইকন।
আরও পড়ুন: মনবীরের গোলে ঘরের মাঠে মুখরক্ষা মোহনবাগানের
কেমন ফুটবলার ছিলেন মাইকন?
মাইকনের কথা লেখা থাকবে ফুটবল ইতিহাসে। অন্যতম সেরা এবং আক্রমণাত্মক রাইট-ব্যাক হিসেবেই বারবার আলোচনায় আসবে তাঁর নাম। ২০০৫ থেকে ২০১০ সালের মাঝামাঝি সময়ে তিনি নিজের পজিশনে বিশ্বের সেরা ফুটবলার হিসেবেই রাজ করেছেন। শারীরিক শক্তি, গতি, এবং রক্ষণ ভাগ থেকে আচমকা আক্রমণে উঠে আসার অবিশ্বাস্য ক্ষমতার জন্য ইন্টার মিলানে খেলার সময় সমর্থকেরাই তাঁকে 'ইল কোলোসো' (দ্য কোলোসাস বা দানব) উপাধি দিয়েছিলেন। মাইকন ডিফেন্ডার হওয়া সত্ত্বেও দুর্দান্ত এবং দর্শনীয় সব গোল করতেন সহজাত দক্ষতায়। ২০১০ বিশ্বকাপের কথা বলতেই হবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে একেবারে সাইডলাইন ঘেঁষে নেওয়া তাঁর কোণাকুণি শটে অনবদ্য় গোল ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৬টি ম্যাচে ৭টি গোল করেছেন। কিংবদন্তি রাইট-ব্যাক দানি আলভেজের মতো তারকা দলে থাকা সত্ত্বেও মাইকন কিন্তু দীর্ঘদিন ব্রাজিলের মূল একাদশের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। হোসে মরিনহোর কোচিংয়ে ইন্টার মিলানের ঐতিহাসিক ট্রেবল (এক মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ, সেরি আ ও কোপা ইতালিয়া জয়) জয়ের অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। জোড়া বিশ্বকাপে অংশ নেওয়া মাইকন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (২০০৯-১০), ইতালিয়ান সেরি আ চারবার (২০০৬–০৭, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০০৯–১০), ফিফা ক্লাব বিশ্বকাপ একবার (২০১০), ইতালিয়ান সুপার কাপ তিনবার ও ব্রাজিলিয়ান সেরি এ (ক্রুজেইরো) একবার (২০০৩) জিতেছেন।
মাইকন কেন আসছেন, কী করবেন?
কিং স্পোর্টস ম্যানেজমেন্টের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ১৩ নভেম্বর রাতেই কলকাতায় পা রাখছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক ও ইন্টার মিলান কিংবদন্তি মাইকন। প্রাক্তন ফুটবলারদের ঝটিকা সফর বা নিছক প্রদর্শনী ম্যাচ নয়, লক্ষ্য তৃণমূল স্তর থেকে তারকা খোঁজার মিশন। এই বার্তা স্পষ্ট কিং স্পোর্টস ম্যানেজমেন্ট এর প্রতিষ্ঠাতা অভিষেক সেনগুপ্তর কথায়। তাঁর কথায়, 'ভারতের পরবর্তী আইকনকে খুঁজতে বাংলার মাটিতে আনছি মাইকনকে | ১৫০ কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করতে মাইকন আর কিং স্পোর্টস এর সংযুক্ত উদ্যোগ মিশন ২০৩৭। ২ দিনের সফরে এসে ১৪ তারিখ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে অংশ নেবেন মাইকন। মিশন ২০৩৭- এর লক্ষ্য হিসেবে আগামী ১০ বছরে যাতে ভারতীয়রা ইউরোপিয়ান ফুটবলেও বা ইউরোপের ক্লাবে খেলার মতো জায়গা করে নিতে পারে সেই লক্ষ্যেই একযোগে কাজ করবে মাইকন ও কিং স্পোর্টস ম্যানেজমেন্ট। ট্যালেন্ট হান্ট এর মাধ্যমে কলকাতা থেকে ভারতীয় ফুটবলের পরবর্তী সুপারস্টার তৈরি করার লক্ষ্যেই চলবে নানা উদ্যোগ। ১৪ তারিখ বিভিন্ন স্কুল থেকে উঠে আসা খুদে প্রতিভাবানদের সঙ্গে দেখা করে তাদের উৎসাহ দেওয়ার পাশাপাশি ফুটবলের পরামর্শ দেবেন মাইকন।' একই সঙ্গে স্পোর্টস বিজনেস ও রিপ্রেজেন্টেশনের উপর ডিপ্লোমা কোর্স এর সূচনাও হবে মাইকন ও কিং স্পোর্টস ম্যানেজমেন্ট-এর মাধ্যমে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)