প্রদ্যুৎ দাস: বিজয়ায় জলপাইগুড়ির মিষ্টির দোকানগুলোতে কেন দেখা মিলছে না রংবেরঙের মিষ্টির? কড়া প্রশাসনিক নজরদারিতে এবার বিজয়ায় স্বাস্থ্যের নতুন বার্তা জলপাইগুড়িতে। প্রশাসনের লাগাতার অভিযানের জেরে বদলে গেল মিষ্টির বাজারের ছবি। কৃত্রিম রং ছাড়াই জমজমাট মিষ্টির বাজার, ভিড় জমাচ্ছেন দূরদূরান্তের ক্রেতারাও।
1/7
মিষ্টিমুখের নতুন ছবি
রংবেরঙের মিষ্টি উধাও! বিজয়ার মিষ্টিমুখের নতুন ছবি জলপাইগুড়িতে। পুজোর মরশুমে ফুড সেফটি দফতর ও প্রশাসনের লাগাতার অভিযানের জের, মিষ্টির দোকানগুলিতে রঙিন মিষ্টির দেখা মিলছে না বললেই চলে।
2/7
রংবেরঙের মিষ্টি উধাও!
বিজয়া দশমী মানেই মিষ্টিমুখ। সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানে ক্রেতাদের ভিড়। তবে এবারের বিজয়ায় মিষ্টির বাজারে চোখে পড়ছে অন্য ছবি। একসময় যে সমস্ত দোকানে রংবেরঙের মিষ্টির পসরা সাজানো থাকত, সেখানে এখন রঙিন মিষ্টির দেখা মিলছে না বললেই চলে। পুজোর মরশুমে ফুড সেফটি দফতর ও প্রশাসনের লাগাতার অভিযানের জেরেই মিষ্টির দোকানগুলিতে এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
3/7
মিহিদানা, সীতাভোগ কিনতেই ভিড়
জলপাইগুড়ি শহরের প্রসিদ্ধ এলএমবি মিষ্টান্ন ভান্ডার থেকে শুরু করে নেতাজিপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন দোকান এবং শহরের বিভিন্ন প্রান্তের মিষ্টির দোকানগুলিতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মিহিদানা, সীতাভোগ, ছানার পোলাও, রসগোল্লা ও সন্দেশের মতো হরেক রকমের মিষ্টি কিনতে দোকানে হাজির হচ্ছেন সাধারণ মানুষ।
4/7
সাবেক মিষ্টিরই পসরা
বিজয়ার শুভেচ্ছা বিনিময়, আত্মীয়স্বজনের বাড়িতে যাতায়াত এবং প্রিয়জনদের মিষ্টিমুখ করানোর রীতি মেনে পছন্দের মিষ্টি কিনছেন ক্রেতারা। অন্যদিকে, নেপালি সম্প্রদায়ের মানুষের ঐতিহ্যবাহী টিকা উৎসবেও মিষ্টির চাহিদা রয়েছে। বড়দের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ এবং আত্মীয়স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মিষ্টিমুখের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নিচ্ছেন তাঁরা।
5/7
মিষ্টিমুখের আনন্দ ভাগ
শুধু জলপাইগুড়ি শহর নয়, দূরদূরান্ত থেকেও মিষ্টি কিনতে আসছেন ক্রেতারা। সুদূর বীরপাড়া থেকে পরিবার নিয়ে মিষ্টি কিনতে এসেছেন অনেকে। এমনকি অসম থেকে বেনারস যাওয়ার পথেও জলপাইগুড়ির মিষ্টির স্বাদ নিতে দোকানে হাজির হয়েছেন পর্যটকরা। মিষ্টি খেয়ে পছন্দ হওয়ায় বাড়ির জন্য কিনেও নিয়ে যাচ্ছেন তাঁরা।
6/7
জমজমাট মিষ্টির বাজার
সব মিলিয়ে বিজয়ার আনন্দে জমজমাট জলপাইগুড়ির মিষ্টির বাজার। তবে উৎসবের এই ভিড়ের মধ্যেই নজর কাড়ছে মিষ্টির দোকানগুলিতে রঙিন মিষ্টির অনুপস্থিতি। ফুড সেফটি দফতর ও প্রশাসনের লাগাতার অভিযানের ফলে মিষ্টি তৈরিতে রং ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্কতা বেড়েছে বলেই মনে করা হচ্ছে।
7/7
রঙিন নয় সাধারণ মিষ্টি
বিজয়ার মিষ্টিমুখে ঐতিহ্য ও আনন্দের মেলবন্ধন ঘটলেও, এবার জলপাইগুড়ির মিষ্টির বাজারে বাড়তি নজর কেড়েছে রংবেরঙের মিষ্টির বদলে সাধারণ মিষ্টির উপস্থিতি।