25 Nov 2026 08:33 IST
Canning Death: ট্রেন থেকে পড়ে মৃত্যু
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রদীপ হালদার (৪৪)। রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের তালদি-বেতবেড়িয়া মধ্যবর্তী এলাকায়। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ক্যানিং থানার অন্তর্গত তালদি শিবাজী সংঘ সংলগ্ন এলাকার বাসিন্দা প্রদীপ হালদার। গতকাল রাতে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের মধ্যে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। দরজার পাশে ঝুঁকে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে ট্রেন থেকে নিচে পড়ে যান। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা দৌড়ে ঘটনাস্থলে যান। তখনও ওই ব্যক্তি জীবিত ছিলেন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরিবারের লোকজনও খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের স্ত্রী গৌরী হালদার জানিয়েছেন, ‘সম্ভবত ট্রেনে ঝুলে ঝুলে আসছিল। সেকারণে ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।’
অন্যদিকে ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, সে সম্পর্কে তদন্ত শুরু করেছে ক্যানিং থানা ও রেল পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় চলছে শোকের আবহ।