)
কোনও ফোন আসেনি, আসেনি কোনও সন্দেহজনক মেসেজও। ব্যাঙ্কের তথ্য বা এটিএমের পিন কাউকে জানানোরও প্রশ্ন নেই। তা সত্ত্বেও তিন দিনে পাঁচ দফায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল তিন লক্ষ সাত হাজার টাকা।প্রতারণার শিকার বেতাইতলার বাসিন্দা প্রদীপ কুমার। তিনি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থায় কর্মরত।অভিযোগ গত ১৭ থেকে ১৯ নভেম্বরের মধ্যে কখনও পঞ্চাশ হাজার কখনও সত্তর হাজার টাকা করে কেটে নেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট থেকে। ওই সময় অনলাইন পেমেন্ট অ্যাপের কিউআর কোড স্ক্যানার চালু করলেই অ্যাপটি বন্ধ হয়ে যাচ্ছিল। তবে বিষয়টি বুঝতে পারেননি তিনি। ১৯ নভেম্বর সন্ধ্যায় এটিএমে ব্যালান্স পরীক্ষা করতে গিয়ে মাথায় হাত পড়ে তাঁর। পরদিন চুনাভাটির সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করলে বন্ধ করে দেওয়া হয় অ্যাকাউন্ট। শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে সিটি পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।
ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম প্রদীপ হালদার (৪৪)। রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের তালদি-বেতবেড়িয়া মধ্যবর্তী এলাকায়। ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, ক্যানিং থানার অন্তর্গত তালদি শিবাজী সংঘ সংলগ্ন এলাকার বাসিন্দা প্রদীপ হালদার। গতকাল রাতে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড়ের মধ্যে ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। দরজার পাশে ঝুঁকে দাঁড়িয়ে থাকার সময় আচমকাই ভারসাম্য হারিয়ে ট্রেন থেকে নিচে পড়ে যান। চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা দৌড়ে ঘটনাস্থলে যান। তখনও ওই ব্যক্তি জীবিত ছিলেন। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরিবারের লোকজনও খবর পেয়ে ছুটে আসেন হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের স্ত্রী গৌরী হালদার জানিয়েছেন, ‘সম্ভবত ট্রেনে ঝুলে ঝুলে আসছিল। সেকারণে ট্রেন থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে।’
অন্যদিকে ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, সে সম্পর্কে তদন্ত শুরু করেছে ক্যানিং থানা ও রেল পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর এলাকায় চলছে শোকের আবহ।
মাদক বিরোধী অভিযানে এবার স্বয়ং বিধায়ক। সন্ধেয় গোপন সূত্রে খবর পেয়ে ফলতার হরিণডাঙ্গা বাজারে দাঁড়িয়ে থাকা একটি স্কুটি থেকে ১ কিলো গাঁজা উদ্ধার করলেন স্থানীয় বিধায়ক দেবাংশু পাণ্ডা। তবে বিক্রেতা পালিয়ে যায়। ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা বলেন, আমরা খবর পাচ্ছিলাম ওই বাজারে গাঁজা বিক্রি হচ্ছে। পুলিশও কয়েকবার ধরার চেষ্টা করেছে। আজ ওই রাস্তা দিয়ে আসার পথে দেখতে পেয়ে নেমে যাই। ততক্ষণে বিক্রেতা পালায়। ১ কেজির বেশী গাঁজা উদ্ধার হয়। স্কুটি বাজেয়াপ্ত করে পুলিশ তদন্ত শুরু করেছে। খোঁজ চলছে বিক্রেতার, উদ্ধার হওয়ার সমস্ত গাঁজা পকেট আগুনে পুড়িয়ে দেয় বিধায়ক।
বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে নিজের নাম পরিচয় এমনকি ধর্ম লুকিয়ে হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চাপাহাট এলাকার মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন ববিতা রায় নামে। বাংলাদেশী নাগরিক হওয়া সত্ত্বেও জুটিয়ে নিয়েছেন ভারতের আধার কার্ড প্যান কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট। এমনকি পেয়ে গিয়েছেন সরকারি সমস্ত সুযোগ-সুবিধা যেমন অন্নপূর্ণা ভাণ্ডার আবাস যোজনার ঘর এবং নিয়মিত রেশন ও পেতেন বলে স্থানীয়দের অভিযোগ। কিন্তু একটু তত্ত্ব তলাশ করতেই যারা যায় ববিতা রায়ের আসল বাড়ি বাংলাদেশে। এবং সেখানে তার নাম সেলিনা খাতুন। গত রবিবার তাকে হিলি থানার পুলিশ আটক করে নিয়ে গিয়েছে এবং পুলিশ সূত্রের খবর ধৃত স্বীকার করে নিয়েছে সে বাংলাদেশী নাগরিক। কিন্তু প্রশ্ন উঠছে ভোটের আগে বিজেপির তোলা অভিযোগ তাহলে কি সত্যি ? বাংলাদেশের নাগরিকরা ভারতবর্ষে এসে জায়গা কিনে সেখানে সরকারি কাগজপত্র পেলেন এবং সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা পেলেন কি করে ? এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
নিউটাউনের নারায়ণপুরে গাড়ি থেকে পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় ফের টুলু মণ্ডলকে তলব করছে CID। আজ ভবানী ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে এই টাকা উদ্ধার হয়েছিল। ওই ঘটনার তদন্তের স্বার্থেই তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান CID-এর গোয়েন্দারা। এর আগে কলকাতায় ফেরার পর টুলু মণ্ডলকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছিলেন CID আধিকারিকরা। টাকা উদ্ধারের পর তদন্তে নেমে STF-এর গোয়েন্দারা জানতে পারেন, উদ্ধার হওয়া টাকার সঙ্গে টুলু মণ্ডলের যোগ রয়েছে। তদন্তকারী আধিকারিকদের অনুমান,বেআইনি পাথর খাদান থেকে আদায় করা টাকাই ওই গাড়িতে করে পাচার করা হচ্ছিল। CID-এর পাশাপাশি ইতিমধ্যেই মহম্মদবাজার থানা ও সিউড়ি থানার পুলিশও তিন দফায় টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেছে।
Breaking News Live Updates: গাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধারের ঘটনায় আজ পাথর ব্য়বসায়ী টুলু মণ্ডলকে জেরা করবে সিআইডি। হু হু করে কমছে তাপমাত্রা। ৩ ডিগ্রি নামল পারদ। ফলতা বাজারে হাতেনাতে গাঁজা পাচার রুখলেন স্থানীয় বিধায়ক। ক্যানিং শাখায় ট্রেন থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির। পাশাপাশি নজর থাকবে রাজ্যের আবহাওয়া-সহ দেশ ও বিদেশের অন্যান্য খবরে। একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES