কালীপুজোর পরে শেষ রাতে ঘটল মর্মান্তিক পথদুর্ঘটনা! বাইক-স্কুটির সংঘর্ষে মৃত্যু হল কিশোর আয়ুষ্মান রাহার। গুরুতর আহত আরও চার। কালীপুজোর শেষ রাতে মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় প্রাণ গেল মাল শহরের কিশোর আয়ুষ্মান রাহার। গুরুতর আহত আরও চার যুবক। নিউ মাল-সংলগ্ন ১৭ নাম্বার জাতীয় সড়কের উপর বাইক ও স্কুটির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। গতকাল রাত আনুমানিক একটা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা শহরে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন মাল থানার ট্রাফিক ওসি জয় সরকার। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে দ্রুত মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়ুষ্মান রাহাকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, গুরুতর আহত দু'জনকে মালবাজার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। অপর দুজন মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কালীপুজোর আনন্দের আবহে এমন মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ গোটা মাল শহর। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুলিস ঘটনার তদন্তের পাশাপাশি বাইক, স্কুটি দুটি আটক করেছে।
আজ নবান্ন সভাঘর থেকে 'প্রধানমন্ত্রী আবাস যোজনা'র দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই সরকার ৬ মাস দ্বায়িত্ব নেওয়ার পর সর্বাধিক গুরুত্ব দিয়েছে জাতীয় সুরক্ষা ও গ্রামীণ উন্নয়নকে।
প্রসঙ্গক্রমে মমতা সরকারের তীব্র সমালোচনা শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। শুভেন্দু অধিকারী বলেন, 'আমাদের রাজ্য ছুটি-ছুটি করতে-করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। আগের সরকার মনে করত-- ডি এ না দিয়ে ছুটি ছুটি দেব। তাহলে বেশি কাজ করতে হবে না।' মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, 'আমাদের এই রাজ্য তো ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীত ঘুমে চলে গিয়েছিল। পে কমিশনের আওতায় আনত না, ডিএ দিত না, ভাবত, শুধু ছুটি দিলেই সব হয়ে যাবে।'
টেগোর পার্ক এলাকায় অবস্থিত একটি মন্দিরের জায়গা দখল করে নিজেদের গোডাউনের পরিসর বাড়িয়েছে সংশ্লিষ্ট এক বিরিয়ানি সংস্থা। স্থানীয় এক বিজেপি কর্মীর প্রকাশিত সমাজ মাধ্যমের পোস্টের ভিত্তিতে গতকাল এই মর্মে কসবা থানা এবং কলকাতা পুরসভার স্থানীয় বোরো অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বিজেপি নেতা এবং বিধানসভা ভোটে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ ব্যানার্জি।
ছটপুজোয় লাফিয়ে বাড়ছে ট্রেনের সংখ্যা। উৎসবের মরশুমে মাসভর মিলবে এই পরিষেবা। পূর্ব রেল সূত্রে খবর, আজ, ১৩ নভেম্বর থেকে থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত উৎসবকালীন ভিড় সামাল দিতে মোট ৯৯৫টি বিশেষ ট্রেন চালানো হবে। ছট পুজোর আগে ভিনরাজ্যে ঘরমুখী বহু যাত্রী। যাত্রীদের সুবিধার্থে এবার এই বিশেষ ট্রেন পরিষেবার সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
রানাঘাটের চূর্ণী নদীতে স্নান করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। জলে তলিয়ে নিখোঁজ ১৩ বছরের এক স্কুলছাত্রী। তার নাম বৃষ্টি গুহ। রানাঘাট লালগোপাল গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী সে। বৃহস্পতিবার দুপুরে স্নান করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্নান করতে নামার পরেই সে বিপাকে পড়ে। দুজনকে উদ্ধার করা হলেও একজনকে উদ্ধার করা যায়নি। অনেক রাত পর্যন্ত ডুবুরি নামিয়েও কোনও খোঁজ পাওয়া যায়নি। এলাকায় শোকের ছায়া।
শুক্রবার সকালে যথারীতি ইকো পার্কে পাওয়া গেল দিলীপ ঘোষকে। সেখানে তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্ন করা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে চলে বুলডোজার আর এ নিয়ে অভিষেক বলেন, 'আমার কাঁচকলা হবে'! বিষয়টিকে দিলীপ কী ভাবে দেখছেন? উত্তরে দিলীপ ঘোষ জানান, কার কী, তাতে যায় আসে না। সব জায়গায় বুলডোজার চলছে, যেখানে অবৈধ নির্মাণ হয়েছে, কবজা হয়েছে; এর আগেও একজন বড় নেতার বাড়িতে চলেছিল।তো, বাকি জায়গাতেও চলবে, যারা এটা দেখে তাদেরও ঠিক করা উচিত, যারা সরকারি জায়গায় কব্জা করে রেখেছে, ফুটপাত কবজা করে রেখেছে, অবৈধ নির্মাণ করেছে-- সেগুলি এবার নিজেদেরই ভেঙে ফেলা উচিত, বা সেসব দখল সরিয়ে নেওয়া উচিত। না হলে সব জায়গায় এই ঘটনা ঘটবে।
গভীর রাতে চিংড়িঘাটা মোড়ে দ্রুতগামী লরির ধাক্কা ফুড ডেলিভারি কর্মীর বাইকে। ধাক্কায় বাইক বেসামাল হয়ে পড়লে লরি পায়ের পাতার উপর দিয়ে চলে যায় বলে অভিযোগ। ঘটনার পর চালক লরি-সহ এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয়রা বাইক নিয়ে ধাওয়া করে কিছু দূরে গিয়ে লরি আটকান।
ভারত মহাসাগরে নয়, ঘূর্ণিঝড় 'আখবান' তৈরি হতে পারে বঙ্গোপসাগরেই। সেক্ষেত্রে ১৮ দিনের ব্যবধানে এটি হতে চলেছে বঙ্গোপসাগরের তৃতীয় ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত যা অনুমান, 'অর্ণ'ব বা 'মুরাসু'র তুলনায় 'আখবানে'র (নামকরণ করেছে ইরান) শক্তি অপেক্ষাকৃত কম থাকতে পারে।
ভারত মহাসাগর অববাহিকা ঘেঁষে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি মাঝারি পাল্লার এই ঘূর্ণিঝড়ের প্রাথমিক অভিমুখ আবার অন্ধ্র উপকূল। তবে দেশ জুড়ে পশ্চিমি ঝঞ্ঝা এবং প্রবল বেগের উত্তর-পশ্চিমি হাওয়া শেষ পর্যন্ত এটিকে ওড়িশার দিকে ঠেলেও দিতে পারে বলে কোনও কোনও আবহাওয়া গবেষণা মডেলে দেখানো হচ্ছে।
West Bengal, India Breaking News Live Updates: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES-
২১ নভেম্বর রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছে একাধিক কর্মসূচি। শুভেন্দু অধিকারী বলেন, 'আমাদের রাজ্য ছুটি-ছুটি করতে-করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল! দেখে নিন এই মুহূর্তের, আজকের দিনের দেশ, রাজ্য, কলকাতার বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে-- আজ কেমন থাকবে ওয়েদার? কিছু জানা গেল? হ্যাঁ, জানা গেল বৈকি! ভারত মহাসাগর নয়, ঘূর্ণিঝড় আখবান তৈরি হতে পারে বঙ্গোপসাগরেই। পূর্ব রেল সূত্রে খবর, আজ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উৎসবকালীন ভিড় সামাল দিতে মোট ৯৯৫টি বিশেষ ট্রেন চালানো হবে। গভীর রাতে চিংড়িঘাটা মোড়ে দ্রুতগামী লরির ধাক্কা ফুড ডেলিভারি কর্মীর বাইকে। সব খবরের দ্রুত আপডেট পেতে পড়তে থাকুন।