রাজীব চক্রবর্তী: আটক ইউটিউবার ধ্রুব রাঠী। দিল্লির যন্তর মন্তরে ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগেই আটক ইউটিউবার ধ্রব রাঠী। সিজেপির বিক্ষোভ কর্মসূচির মধ্যেই ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করল দিল্লি পুলিস। গুরগাঁওয়ের বাড়ি থেকেই আটক করা হয় ইউটিউবার ধ্রুব রাঠীকে। ভোট চুরির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে সিজেপি। ককরোচ জনতা পার্টির ডাকে আজকের 'যন্তরমন্তর চলো' কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিরোধী আম আদমি পার্টি, মমতা-তৃণমূল ও বামেরা।
নিট কেলেঙ্কারির দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন আন্দোলনের পর এবার ভোট চুরির দায়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির এই আন্দোলনকে নাম দেওয়া হয়েছে 'যন্তর মন্তর ২.০'। সিজেপির আজকের বিক্ষোভর কর্মসূচি ঘিরে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ট্রেন বাতিল, মেট্রো বন্ধ, মোবাইল ইন্টারনেট বন্ধ- অবরুদ্ধ রাজধানী যেন নিশ্ছিদ্র দুর্গ!
ধরনা-বিক্ষোভ নাকি পুলিশি বন্দোবস্ত, শনিবারের 'যুদ্ধে' জিতবে কারা? তার উত্তর দেবে সময়। কর্মসূচি আছে, ঘোষণা আছে, আছে সরকারের উদ্দেশে ককরোচের হুংকার। কিন্তু খেলার মাঠে দেখা নেই ককরোচদের। শনিবার সকাল থেকে যন্তরমন্তর এবং আশেপাশের এলাকায় কাউকেই ঘেঁষতে দিচ্ছে না দিল্লি পুলিশ। মাল্টিলেয়ার ব্যারিকেডে মুড়ে ফেলা হয়েছে দিল্লি শহরকে। শুক্রবার রাত থেকেই বন্ধ রাখা হয়েছে ৫৭টি মেট্রো স্টেশন। নয়া দিল্লি ও হজরত নিজামুদ্দিন-সহ দিল্লির রেলস্টেশন গুলোতে ঢুকছে না ভিন রাজ্যের ট্রেন। জায়গায় জায়গায় দিল্লি পুলিশের নাকা চেকিং।
অন্যদিকে আন্দোলনে যোগ দেওয়ার জন্য যারা আগে থেকেই দিল্লিতে এসে হোটেল বা অন্যত্র উঠেছিলেন, আটক করা হয়েছে তাদের। শুক্রবার রাতে প্রায় ১০০০ জন সিজেপি সমর্থককে আটক করা হয়েছে। সকাল থেকে কেন্দ্রীয় দিল্লি, যন্তরমন্তর, ফিরোজ শাহ রোড, মান্ডি হাউস সর্বত্র ঘুরে দেখা মিলল শয়ে শয়ে পুলিশকর্মীদের। কিন্তু দেখা নেই ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের। যদিও সিজেপি মুখপাত্রদের দাবি, অভিজিত দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা-সহ তাদের নেতৃত্বকে আটক করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)