জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির উৎসবের আবহে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় চাঞ্চল্যকর ঘটনা। ফুড পয়জনিংয়ে অসুস্থ দেড়শরও বেশি। রয়েছে শিশুরাও। স্থানীয় এক ফুচকা বিক্রেতার কাছ থেকে 'গোলগাপ্পা' খাওয়ার পর প্রায় দেড়শ মানুষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এই ঘটনায় কালানখোর পেদারি গ্রামসহ আশেপাশের দু-তিনটি গ্রামে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
ফুচকা খাওয়ার পর অসুস্থদের প্রত্যেকের তীব্র বমি ও ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়। এর মধ্যে প্রায় ৩০ থেকে ৩৩ জন রোগীকে তক্ষণাৎ স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করতে হয়। গুরুতর অসুস্থদের মধ্যে ১৮ জন শিশুও পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (PICU) চিকিৎসাধীন রয়েছে। বাকিদের বয়স ১৫ বছরের বেশি। চিকিৎসকরা জানিয়েছেন, শুরুতে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে চিকিৎসাধীন সকলের অবস্থাই স্থিতিশীল। তবে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় খেসরহা পুলিশ স্টেশন এলাকার গ্রামে এই ঘটনার পর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ তৎপর হয়ে উঠেছে। ফুচকার মান ও জলের পরিচ্ছন্নতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে গত মাসেও উত্তরপ্রদেশের আমেঠি জেলায় একটি মেলায় খাবার খেয়ে প্রায় ১০২ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ফুড পয়জনিংয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে রাস্তার খাবার খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিয়ে নতুন করে উদ্বেগ ও সচেতনতা তৈরি হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)